মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের পর থেকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনকি আমাদের হকের করের টাকাও দেয় না।
উত্তরের প্রশাসনিক বৈঠক থেকে জিএসটি নিয়ে বড় দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, এভাবে রাজ্যের হকের টাকা কেড়ে নিতে দেব না। জিএসটির টাকা রাজ্যকে ফেরৎ দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন মুখ্যমন্ত্রী খোলামেলা স্বীকার করে নেন, “কেন্দ্র (Central Government) যখন জিএসটি-র (GST) কথা বলেছিল তখন আমরাই প্রথম করতে বলেছিলাম, এটা আমাদের বড় ব্লান্ডার ছিল! কারণ, অন্য রাজ্যকে টাকা দিচ্ছে আর বাংলায় রাজ্যের শেয়ারের টাকা না দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফেরত দেওয়া উচিত।”
আবাস যোজনা থেকে বন্যা ত্রাণ, কোনও ক্ষেত্রেই রাজ্য কেন্দ্রের কাছ থেকে ন্যূনতম ক্ষতিপূরণও পায় না বলে এদিন ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১ সালের পর থেকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এমনকি আমাদের হকের করের টাকাও দেয় না।
ভারত সরকারকে ‘দালালদের সরকার’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “সেন্ট্রাল গভার্নমেন্টের ডিফেন্স আর বর্ডার ছাড়া রাজ্যে আর কোনও মুভমেন্ট নেই। আমাদের টাকা ধ্বংস করবে, আবার আমাদেরই অপপ্রচার চালাবে। টোটাল লুট, আর বলছে ঝুট।”
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “টাকা তো দেয়ইনি উল্টে আমাদের রাজ্য থেকে ২০ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। মানুষ হেলথ ইন্স্যুরেন্স থেকে সুবিধা পাচ্ছে, এর জন্য আমাদের ফান্ড থেকে ২০ হাজার কোটি টাকা গেছে। কিন্তু এর জন্য মিরজাফর, গদ্দারদের কোনও ক্রেডিট নেই।”
রাজ্যের অর্থনৈতিক স্বার্থে জিএসটি পুনর্বণ্টনের দাবি তুলে মুখ্যমন্ত্রী বললেন, “এখন সময় এসেছে রাজ্যের টাকা রাজ্যকে ফেরত দেওয়ার।”
Partha Goswami
10/11/2025







