মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘আমরা অলরেডি জিতে গিয়েছি’। এদিন বৌবাজারের সভা থেকে বাংলার প্রথম দফার ভোটের ট্রেন্ড নিয়ে আত্মবিশ্বাসী দেখাল মুখ্যমন্ত্রীকে।
প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026) শেষ হওয়ার আগেই বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বৌবাজারের সভা থেকে দিদি জানিয়ে দিলেন, মানুষের ভাষা যদি তিনি ঠিকঠাক পড়ে থাকেন, তবে তৃণমূল (TMC) ইতিমধ্যেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, বিজেপিকে (BJP) রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি মনে করিয়ে দিলেন, ‘মানুষ ভোট দিচ্ছে কারণ, তৃণমূলকে ভোট না দিলে আমও যাবে, ছালাও যাবে!’
তিনি দাবি করেন, ‘আমরা অলরেডি জিতে গিয়েছি’। এদিন বৌবাজারের সভা থেকে বাংলার প্রথম দফার ভোটের ট্রেন্ড নিয়ে আত্মবিশ্বাসী দেখাল মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “আজ যা ভোট হয়ে গিয়েছে, তাতে আমার মন যদি মানুষের ভাষা বোঝে— আমরা অলরেডি জেতার জায়গায় এসে গিয়েছি।” বিজেপির শত চেষ্টা সত্ত্বেও কেন এত ভোট পড়ছে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর দাবি, মানুষ বুঝতে পেরেছে এটা কেবল সরকার গড়ার লড়াই নয়, এটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার রক্ষার লড়াই।
৩২ লক্ষ ভোটারের ‘রক্ষাকবচে’র কথা তুলে ধরে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে এদিন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি অভিযোগ করেন, “জানেন এত কেন ভোট পড়ছে? ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম আমি নিজে তুলেছি। ট্রাইব্যুনাল কিচ্ছু করতে পারেনি। ওটা ওদের (বিজেপি) নির্দেশে কাজ হয়েছিল কি না জানি না।”
তাঁর দাবি, এত ভোট কাটার ষড়যন্ত্র হওয়ার পরেও মানুষ দলে দলে বুথে আসছেন, কারণ তাঁরা জানেন ভোট না দিলে এনআরসি বা ডিলিমিটেশনের গেরোয় তাঁদের ঠিকানাই হারিয়ে যাবে।
বিজেপিকে ভোট দেওয়া বা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম কী হতে পারে, তা বোঝাতে এদিন বেশ কড়া শব্দ ব্যবহার করেন মমতা। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, তৃণমূলকে ভোট না-দিলে আমও যাবে ছালাও যাবে। মানুষের অধিকার, সম্পত্তি, ঠিকানা, ব্যবসা সব কেড়ে নেবে ওরা। বিজেপির অত্যাচারের বিরুদ্ধেই মানুষ আজ গর্জে উঠেছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোট মিটতেই মমতা যেভাবে জয়ের দাবি করলেন, তা নিচুতলার কর্মীদের চাঙ্গা করার কৌশল। তবে একই সঙ্গে এনআরসি এবং সম্পত্তি হারানোর ভয় দেখিয়ে মেরুকরণের রাজনীতিকে অন্য মাত্রা দিলেন তৃণমূল নেত্রী।
Partha Goswami
23/04/2026






