সদস্যের বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনকভাবে দুলতে থাকে।
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) ময়নাতদন্ত রিপোর্ট (Post Mortem) ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও বর্তমান। আর বিষয়টি আরও জটিল হল কারণ জুবিনের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে।
জুবিন গর্গের মৃত্যু নিয়ে তাঁর ব্যান্ডের সদস্য (Bandmate) শেখর জ্যোতি গোস্বামী বিরাট অভিযোগ করেছেন। দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্তই জুবিনকে ‘বিষ’ (Poison) দিয়ে হত্যা করেছেন এবং দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।
এই অভিযোগের পরই শর্মা ও মহান্তকে নিয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশেরও। কারণ গোস্বামীর আরও দাবি, অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরকে ইচ্ছে করেই বেছে নেওয়া হয় যাতে তদন্তে জটিলতা সৃষ্টি হয়। তিনি আরও জানান, ইয়টের কোনও ভিডিও কারও সঙ্গে ভাগ না করতেও শর্মা তাঁকে নির্দেশ দিয়েছিলেন।
ঘটনার সময় জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বেরোতে দেখা গেলেও শর্মা বলেন, “এটা অ্যাসিড রিফ্লাক্স, চিন্তার কিছু নেই।” তৎক্ষণাৎ চিকিৎসা না করায়, গোস্বামীর মতে, জুবিনের মৃত্যুই ত্বরান্বিত হয়।
Partha Goswami
04/10/2025







