টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেও একদিনের সিরিজের নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর এই দলের সহ-অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার।
আশঙ্কা যেটা ছিল, সেটাই এবার বাস্তবে পরিণত হল। টিম ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়া সফরে (India Australia Tour) যাবেন রোহিত শর্মা (Rohit Sharma), তবে অধিনায়ক হিসাবে নয়, তিনি যাবেন একজন সাধারণ সদস্য হিসাবে। শুভমান গিলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় খেলবেন তিনি।
চলতি মাসেই সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। সেখানে তারা তিনটি টি-টোয়েন্টি ও একই সংখ্যক একদিনের ম্যাচ খেলবে। শনিবার বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেও একদিনের সিরিজের নেতৃত্ব দেবেন শুভমান গিল। তবে একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর এই দলের সহ-অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে জসপ্রীত বুমরাহকে রাখা হয়েছে শুধুমাত্র টি-২০ স্কোয়াডে। এই দলে এশিয়া কাপের স্কোয়াডই ধরে রাখা হয়েছে, চমক কিছু নেই। তবে ওডিআই স্কোয়াডে শ্রেয়সকে সহ-অধিনায়ক করে নির্বাচকরা যে নতুন বার্তা দিতে চাইছেন তা সহজেই অনুমেয়। রোহিত শর্মা ২০২৭ ওডিআই বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করলেও তিনি যে নির্বাচকদের মাথায় নেই এটাও এদিন পরিষ্কার হয়ে গিয়েছে।
শ্রেয়স গত আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ড সফরে বা এশিয়া কাপের দলে সুযোগ পাননি। এরপর প্রচুর কথা উঠেছিল। প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করেছিলেন, জাতীয় দলে জায়গা পেতে শ্রেয়সকে আর কতটা পথ হাঁটতে হবে। এবার পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনকে টিম ইন্ডিয়ার ওডিআই দলের সহ-অধিনায়ক করে আগারকর অ্যান্ড কোং বুঝিয়ে দিল, তাঁদের চিন্তা-ভাবনায় শ্রেয়স ভালমতোই রয়েছেন।
এদিকে, কোনও দলেই জায়গা পাননি মহম্মদ সামি। পুরোপুরি চোট সেরে না ওঠায় টিমে নেই ঋষভ পন্থও। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতক হাঁকানো ধ্রুব জুরেল স্থান পেয়েছেন একদিনের স্কোয়াডে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
Partha Goswami
04/10/2025







