নাগরিকত্বের আবেদন মানেই অধিকার জন্মাল না! SIR সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

SHARE:

বেঞ্চ আরও জানায়, নাগরিকত্বের আবেদনকারীদের প্রত্যেকের মামলা আলাদা। তাঁদের নথিপত্র, পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় একটি জনস্বার্থ মামলার আওতায় একসঙ্গে সব অভিযোগ বা দাবি বিচার করা সম্ভব নয়।

রাজ্যে (West Bengal) চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের আবেদনের (CAA) নথি যুক্ত করার দাবি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই সেই ব্যক্তির কোনও নতুন অধিকার জন্ম নেয় না।

এই মামলাটি করেছিল একটি সংগঠন, যারা আবেদন ছিল – যে সব ব্যক্তি সিএএ-তে (CAA) নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাঁদের জমা দেওয়া নথিগুলিকেও যেন SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের সময় বৈধ নথি হিসেবে গ্রহণ করা হয়। আদালত সেই যুক্তি খারিজ করে দেয়।

রায়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, নাগরিকত্বের আবেদন করা মানে এই নয় যে সেই আবেদনকারী ইতিমধ্যেই নাগরিক (Citizen) হিসেবে গণ্য হবেন। তাই এই আবেদনের ভিত্তিতে কোনও বিশেষ অধিকার দাবি করা যায় না।

বেঞ্চ আরও জানায়, নাগরিকত্বের আবেদনকারীদের প্রত্যেকের মামলা আলাদা। তাঁদের নথিপত্র, পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় একটি জনস্বার্থ মামলার আওতায় একসঙ্গে সব অভিযোগ বা দাবি বিচার করা সম্ভব নয়। ফলে এই মামলায় সামগ্রিক নির্দেশ দেওয়া আদালতের পক্ষে সম্ভব নয়।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যাঁরা নাগরিকত্বের আবেদন করেছেন, তাঁরা চাইলে নিজেদের বিষয় নিয়ে পৃথকভাবে আদালতের দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত মামলায় আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। কিন্তু জনস্বার্থ মামলা হিসেবে এই বিষয়ে রায় দেওয়া আইনি দৃষ্টিকোণ থেকে উপযুক্ত নয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা SIR প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও যাচাইয়ের দায়িত্বে রয়েছেন বহু ব্লক লেভেল অফিসার (BLO)। সম্প্রতি এই প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে বিভিন্ন জেলায়। তার মধ্যেই নাগরিকত্ব-সংক্রান্ত এই জনস্বার্থ মামলা আদালতে দাখিল হয়েছিল।

সোমবার সেই মামলার শুনানিতে আদালত জানায়, এই ধরনের জনস্বার্থ মামলা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অযথা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই মামলাটি খারিজ করা হল।

Partha Goswami

10/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई