খবর ছড়াতেই অস্থির চেন্নাই সমর্থকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘জাদেজা ছাড়া সিএসকে ভাবাই যায় না!’ কারও বক্তব্য, ‘জাদেজা গেলে দল তার আত্মা হারাবে।’
চেন্নাই সুপার কিংস (CSK) থেকে কি সত্যিই বিদায় নিচ্ছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)? সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই চমক। হঠাৎ করেই উধাও জাদেজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (‘royalnavghan’)। আর সেই সূত্রেই গুজব আরও জোরালো—চেন্নাই থেকে হয়তো অলরাউন্ডারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে!
জাদেজা দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের অন্যতম মুখ। জিতেছেন ২০১৮, ২০২১ আর ২০২৩ সালের তিনটি আইপিএল (IPL) খেতাব। এমনকি ২০২২ সালে কয়েকটি ম্যাচে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, আইপিএলের মহানিলাম শুরুর আগেই চেন্নাই সেরে ফেলেছে বড়সড় ট্রান্সফার চুক্তি—রবীন্দ্র জাদেজার বদলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আসতে পারেন এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে!
প্রস্তাবটা শুধু জাদেজা আর স্যামসনকে নিয়েই নয়। আলোচনায় আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও (Sam Curran), যিনি রাজস্থান শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। চেন্নাই এখন এমএস ধোনি (MS Dhoni) পরবর্তী সময়ের কথা চিন্তা করে দল গড়ে তুলছে। সেই কারণেই নেতৃত্ব আর ব্যাটিং দুই দিক থেকেই সঞ্জুকে ভবিষ্যতের নির্ভরযোগ্য অপশন হিসেবে ভাবছে ম্যানেজমেন্ট। জোরদার আলোচনা চলছে। রাজস্থান শিবিরও নাকি পুরো প্রস্তাবটা খতিয়ে দেখছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Partha Goswami
10/11/2025







