জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও, কবে হিসেব প্রকাশ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ ২০২৯ সালে জনগণনা রয়েছে। তার আগে চূড়ান্ত হিসেব প্রকাশ করা হবে কিনা, সেটা নিয়েই সন্দেহ।
পশ্চিমবঙ্গ (West Bengal) সহ ১২টি রাজ্যে এই মুহূর্তে এসআইআরের (SIR) কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিল – জনগণনা (Census 2026) কবে হবে। মঙ্গলবার সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় (Nityananda Rai) বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।
২০২৭ সালের জনগণনা কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে নিত্যানন্দ রায় লোকসভায় (Loksabha) জানান, আগামী জনগণনা হবে দুই দফায় (Two Phases)। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফা এবং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধামতো টানা ৩০ দিনের সময় বেছে নেওয়া যাবে। তবে লাদাখ (ladakh) ও জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকাগুলিতে এবং হিমাচল (Himachal Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarkhand) কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসেই গণনা সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত হয় বিভিন্ন মন্ত্রক, দফতর, সংস্থা এবং তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে। ১৫০ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ার অভিজ্ঞতা পরবর্তী প্রতিটি গণনায় কাজে লাগে।
এদিন আরেক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন, এই আদমশুমারিতে জাতিভিত্তিক গণনাও করা হবে, যার সিদ্ধান্ত হয়েছে এ বছরের ৩০ এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত – ২০২৭ সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে (Digital) করা হবে। তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ অনলাইন সেলফ-এনুমারেশন সুবিধাও থাকবে। মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজ নিজ পরিসংখ্যান তুলে ধরবেন।
যদিও জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও, কবে হিসেব প্রকাশ করা হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ ২০২৯ সালে জনগণনা রয়েছে। তার আগে চূড়ান্ত হিসেব প্রকাশ করা হবে কিনা, সেটা নিয়েই সন্দেহ।
চলতি এসআইআরের কাজ শেষ হতে হতে ফেব্রুয়ারি মাস। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর সেই ভোট শেষের শুরু থেকেই কার্যত জনগণনার কাজ শুরু হতে চলেছে। এতএব ২০২৬-২৭ সালও যে বিরাট কর্মযজ্ঞের সাক্ষী থাকতে চলেছে তা বলাই বাহুল্য।
Partha Goswami
03/12/2025







