“বিচার বিচারের মতো হবে, আমরা বিচারব্যবস্থাকে শ্রদ্ধা করি।”
আদালতের রায়ে বড় স্বস্তি প্রাথমিক শিক্ষকদের (Primary TET)। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের রায় সামনে আসতেই শিক্ষক মহলে উচ্ছ্বাস। তাঁরা বলছেন, আমরা কলঙ্ক মুক্ত হলাম।
রায় নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee)। মালদহ থেকে মুর্শিদাবাদে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “বিচারকরা মানবিক দৃষ্টিতে ব্যাপারটা দেখেছেন। শিক্ষকদের পরিবার রক্ষা পেয়েছে, আমি খুশি। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া ঠিক নয়। আমাদের লক্ষ্য চাকরি দেওয়া, চাকরি কেড়ে নেওয়া নয়।”
এই মামলার কেন্দ্রবিন্দুতে থাকা নাম— প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই বাতিল হয়েছিল ৩২ হাজার চাকরি। পরে বিচারপতি পদে থাকা অবস্থাতেই ইস্তফা দিয়ে রাজনৈতিক ময়দানে নামেন তিনি, বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ। রায় নিয়ে তাঁকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি। তাঁর স্পষ্ট প্রতিক্রিয়া, “আমি কারও সম্পর্কে কিছু বলব না। আমার ছোট ছোট ভাইবোনদের চাকরি বেঁচেছে— এটাই বড় কথা।”
মুখ্যমন্ত্রী আরও জানান, “বিচার বিচার অনুযায়ীই হবে, আদালতকে আমরা সম্মান করি।”
২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে প্রথমে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। পরবর্তীতে প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগে নতুন করে মামলা ওঠে হাইকোর্টে। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন প্রায় ৩২ হাজার শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ ছিল, চাকরি বাতিল হলেও শিক্ষকরা স্কুলে যাবেন। পাশাপাশি তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেওয়া হয়, যেখানে কেবল যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন।
Partha Goswami
03/12/2025







