বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার মধ্যেও ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ। ৪.১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে চতুর্থ স্থানে ভারত, আগামী কয়েক বছরে জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।
![]()
বিশ্বজুড়ে চলা বাণিজ্যিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি (Indian Economy) সবাইকে চমকে দিচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি (GDP) বৃদ্ধি পেয়েছে ৮.২ শতাংশ, যা আগের ত্রৈমাসিকের (৭.৮ শতাংশ) তুলনায় অনেকটাই বেশি। এই শক্তিশালী প্রবৃদ্ধির হাত ধরেই ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে।
তৃতীয় স্থানের পথে ভারত সরকারি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ৪.১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে ভারত চতুর্থ স্থানে থাকলেও, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে, যা দেশটিকে তালিকার তৃতীয় স্থানে নিয়ে আসবে। বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম এবং চিন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছে।
ভারতের অর্থনীতি ভাল চলছে মূলত দেশের ভেতরের বাজারের জোরে। মানুষ বেশি করে খরচ করছেন, বিশেষ করে দৈনন্দিন জিনিসপত্র ও পরিষেবার উপর, আর সেটাই প্রবৃদ্ধির বড় কারণ। বিশ্বজুড়ে নানা অস্থিরতা থাকলেও ভারতের অর্থনীতি এখনও স্থিতিশীল আছে।
সরকারি তথ্য অনুযায়ী, এখন ধীরে ধীরে কমছে বেকারত্ব। পাশাপাশি রপ্তানি ব্যবসাও আগের তুলনায় ভাল হচ্ছে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া সহজ হওয়ায় ব্যবসা-বাণিজ্য চলছে স্বাভাবিক গতিতে, আর শহরাঞ্চলে চাহিদা বাড়ায় দেশের অর্থনৈতিক ভিত আরও শক্ত হচ্ছে।
উন্নত ভারত ভারত সরকারের মূল লক্ষ্য হল ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপনকালে উচ্চ মধ্য-আয়ের দেশের মর্যাদা অর্জন করা। অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক উন্নতির মাধ্যমে সেই মজবুত ভিত্তিই তৈরি করা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Partha Goswami
31/12/2025







