প্রতিটি ভোটই মূল্যবান, সেই বার্তাই ছড়িয়ে দিলেন এক বৃদ্ধা। সাত সকালে কোলে চেপে ভোট দিতে পৌঁছলেন বুথে, নজির গড়লেন গণতন্ত্রের প্রতি অগাধ বিশ্বাসে।
বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে। ১২১টি আসনে চলছে ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা। প্রশাসন সূত্রে খবর, কোথাও এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এদিন ভোটারদের উৎসাহিত করে বলেছেন, “আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম পর্ব। প্রত্যেক ভোটার যেন উত্সাহ নিয়ে ভোট দেন।” রাজ্যের অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতারাও নাগরিকদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন। এদিকে সকাল থেকেই বহু বুথে দেখা গিয়েছে ভোটারদের ভিড়। রাজ্যের নানা জায়গা থেকে আসছে উচ্ছ্বাসের ছবি- ভিডিও।
এরই মাঝে বিহারের বৈশালী জেলার এক বুথে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য, এক বৃদ্ধাকে কোলে করে ভোট দিতে নিয়ে এলেন এক ব্যক্তি। যাতে তিনি নিজের মত প্রকাশ করতে পারেন। অনুরূপ দৃশ্য ধরা পড়েছে তারাপুরেও। লাখনপুর এলাকায় এক বৃদ্ধা লাঠির ভর দিয়ে বুথে যাচ্ছিলেন, তাঁকে দেখে নিরাপত্তারক্ষীরা এগিয়ে গিয়ে সাহায্য করেন। প্রবীণ ভোটারদের এই অংশগ্রহণ এবং কর্তব্যবোধই আজকের ভোটকে অন্যান্যবারের চেয়ে আলাদা করেছে।
ভোটের আগে মন্দিরে মৈথিলী ঠাকুর
এদিন সকালে দারভাঙ্গার আলিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সোশ্যাল মিডিয়া সেনসেশন মৈথিলী ঠাকুর ভোট দিতে যাওয়ার আগে কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। মাত্র ২৫ বছর বয়সে লড়ছেন নির্বাচনে। এবাররের সবচেয়ে কমবয়সি প্রার্থী তিনিই। প্রথমবার ভোটের ময়দানে নামলেও আত্মবিশ্বাসে ভরপুর মৈথিলী বলেছেন, “প্রতিদিন নতুন কিছু শিখছি। চেষ্টা করছি যেন কোনও ভোটার ভোট দিতে সমস্যায় না পড়েন। আমি প্রস্তুত।”
৩.৭৫ কোটি ভোটার, ১৩১৪ প্রার্থী
প্রথম দফায় মোট ৩.৭৫ কোটি ভোটার ঠিক করবেন ১,৩১৪ জন প্রার্থীর ভবিষ্যৎ। তাদের মধ্যে রয়েছেন তেজস্বী যাদব, বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির মতো বড় নেতা। রাজ্যের ৪৫,৩৪১টি বুথে চলছে ভোটগ্রহণ, যার মধ্যে ৩৬,৭৩৩টি বুথ গ্রামীণ এলাকায়।
একদিকে রাজ্যের শাসক গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে, অন্যদিকে মহাগঠবন্ধন জোট আবারও জয়ের প্রত্যাশায় ঝাঁপিয়েছে ময়দানে।
Partha Goswami
06/11/2025







