কেন্দ্রীয় সরকারের টাকা ‘এদিক ওদিক’ করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেন্দ্রীয় সরকারের (Central Government) টাকা ‘এদিক ওদিক’ করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, “গত ১৪ বছর ধরে দুর্নীতি করে যাচ্ছে রাজ্য সরকার (West Bengal)। এক খাতের টাকা অন্য খাতে বরাদ্দ করা হচ্ছে, যেটা বেআইনি। আমরা সেটা করতে দেব না।”
সোমবার শুভেন্দু বলেন, “রাজ্যের বিপর্যয় মোকাবিলায় ৫ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে ৩ হাজার ৯৭৮ কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে। সেই টাকার থেকে ১৩৪ কোটি টাকা অন্য খাতে করচ করছে মমতার সরকার। যা বেআইনি। অপরাধ।” আর এই আর্থিক অনিয়মের জন্যই ক্যাগ রিপোর্ট (CAG Report) চাইলেন বিরোধী দলনেতা।
তিনি আরও বলেন, “আবাস প্রকল্পে ১০ থেকে ২০ হাজার টাকা তৃণমূল নেতাদের দিতে হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অর্থনৈতিক দুর্নীতির রাস্তায় হাঁটছে। সাগরদিঘির এক তৃণমূল নেতা আত্মীয়ের নামে ১৭টা বাড়ি নিয়েছেন। নওদাতে এক তৃণমূল নেতা ৩৫টা বাড়ি নিয়েছেন পরিজনদের নামে। এই করে করে যদি ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার না দেওয়া হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
শুভেন্দুর হুঁশিয়ারি, এ ব্যাপারে তিনি রাজ্যপাল তো বটেই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানানো হবে। শুধু তাই নয়, প্রয়োজনে এই দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলাও করা হবে।
বস্তুত, ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষ্যে এদিন গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি করে বিজেপি। এদিন শুভেন্দু বলেন, ‘আসল পরিবর্তন ১১ সালে হয়নি। আমরা ভুল করেছি, একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্থ, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী, এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো, প্রতিহিংসাপরায়নকারী, তাঁকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। স্বীকার করি, আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব।’
তিনি আরও বলেন, ‘আপনি যেদিন এখানে মিটিং করে বলেন, ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখাচকে, তেখালি ব্রিজের গায়ে। সেখানে আমি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াব এখানে। সেইদিন যারা ক্ষতিপূরণ পায়নি, প্রথম দফায় ৫ লক্ষ টাকা করে, হাইকোর্টের অর্ডারে, তাঁদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল। চারজন ওই কর্মসূচিতে যায়নি, আমার সঙ্গে বিজেপিতে গিয়েছিল বলে, আপনি তাঁদেরকে টাকা দেননি।”
মমতার উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার। আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন। আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন। সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি। তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে, বিশ হাজার ত্রিশ হাজার করে করে, এই চার জনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি। অর্থটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়।’
Partha Goswami
10/11/2025







