হুমায়ুনের মসজিদ: যখন বলেছিল আমরা ৭০ ওরা ৩০… তখন মমতা শোকজ করেননি কেন, প্রশ্ন তাপসের

SHARE:

তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (TMC Humayun Kabir) আগেই ঘোষণা করেছিলেন— শনিবার এই মরাদিঘিতেই তিনি বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করবেন।

মসজিদের শিলান্যাসকে (Humayun Kabir) কেন্দ্র করে বেলডাঙার মরাদিঘি এলাকা ইতিমধ্যেই উৎসবের আবহে সাজছে। শনিবারের মূল অনুষ্ঠানকে ঘিরে অতিথিদের আপ্যায়নে রয়েছে ব্যাপক প্রস্তুতি। মুর্শিদাবাদের সাতটি নামী কেটারিং সংস্থাকে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশাল জনসমাগমের সম্ভাবনায় এলাকা জুড়ে নিরাপত্তা–বেষ্টনী গড়ে উঠেছে; মোতায়েন করা হয়েছে বড় পুলিশবাহিনী।

তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আগেই ঘোষণা করেছিলেন— শনিবার এই মরাদিঘিতেই তিনি বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করবেন। তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুক্রবার তুঙ্গে পৌঁছেছে। ঠিক এই দিনেই হুমায়ুনকে ঘিরে রাজনৈতিক আলোচনায় যোগ দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায়ও (BJP Tapas Roy)।

প্রশ্নোত্তর পর্ব শুরুই হল, ভরতপুরের বিধায়কের সাসপেনশন নিয়ে। তাপসবাবু বলা শুরু করলেন… “মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) তো ওঁকে আগেই শোকজ করতে পারতেন। করেননি তার কারণ কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। ঠিক যেমন কাজের বেলায় কাজী, কাজ ফুরালে কিষাণজি। উনি যদি হুমায়ুনকে সাসপেন্ড করেন, তাহলে তো ফিরহাদ হাকিমকেও (Firhad Hakim) শোকজ করা উচিত ছিল। লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, হামিদুলও বাদ যেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে কাজে লাগাবেন তখন তার সমস্ত দুরাচার মেনে নেবেন। আশ্রয় দেবেন, প্রশ্রয় দেবেন।”

বর্ষীয়ান বিজেপি নেতার কথায়, “এই হুমায়ুনই তো বলেছিল মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলমান আমরা, ৩০ শতাংশ হিন্দু, দুটো ঘণ্টাও সময় লাগবে না, তখন কি দল শোকজ করেছিল? মমতা নিজে ক্ষমতায় আরোহন করার জন্য এক কাজ করেছিলেন, আর এখন ক্ষমতায় টিকে থাকার জন্য (যেটা খুব কঠিন) তার জন্য যা খুশি করছেন এবং করাচ্ছেন।”

হুমায়ুনকে নিয়ে এখন যা পরিস্থিতিতে তাতে কি মুর্শিদাবাদে বাড়তি সুবিধা করতে পারবে বিজেপি? তাপসবাবুর কথায়, “দল চেষ্টা করবে। বিজেপির জন্য মালদহ-মুর্শিদাবাদ ভাল আসন হবে, তার কারণ মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, সামশেরগঞ্জের ঘটনা।”

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমায়ুনই তো একসময় বিজেপিতে ছিলেন। এখন তিনি নতুন দল ঘোষণা করবেন করবেন করছেন ঠিকই, কিন্তু এমন কোনও রাস্তা কি থাকছে যেখানে এই হুমায়ুনকেই আবার পদ্মশিবির আপন করে নেবে? তাপসবাবুর স্পষ্ট কথা, তিনি এ ব্যাপারে বলার কেউ নন। তাঁর কোনও অধিকারও নেই। কিন্তু এটুকু বলে দিলেন, এখন যে চাইবে, সে-ই দলে চলে আসতে পারবে, সেটা বলতে সহজ হলেও খাতায় কলমে ততটাও সহজ না। যদি কোনও রকম সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে রাজ্য কমিটি, কেন্দ্রের নেতারাই বিচার বিবেচনা করবেন।

তাপসবাবু জানিয়েছেন, “মুসলিম মানুষদের বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-মুসলিম কারও নয়। তিনি নিজের। অভিষেকের পরিবারের। এবং কিছু স্তাবকদের জন্যে। উন্নয়ন হয়েছেই তাঁদের। বস্তিতে উত্তরণ ফলক লাগালেই সেটা উন্নয়ন হয়ে যায় না। মানুষ দেখছে, ডাক্তার, শিক্ষক রাস্তায় পড়ে থেকে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজছেন। কংগ্রেস বা বাম আমলে এই ছবিটা বাংলায় ছিল না। তৃণমূলের চেয়ে বাজে-অপদার্থ সরকার, ব্যর্থ মুখ্যমন্ত্রী বাংলা কখনও দেখেনি।”

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई