প্রাক্তন পুলিশ কর্তার সাংসদ পদ ‘লজ্জাজনক’! নাম না করে সুপ্রিম কোর্টে রাজীব কুমারকে নিয়ে সওয়াল ইডির

SHARE:

একদিকে যেমন রাজ্যের আইনজীবী আদালতের ‘অপব্যবহার’ নিয়ে সরব হলেন, অন্যদিকে কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বাংলায় ‘আইন-শৃঙ্খলা’ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানালেন।

 সুপ্রিম কোর্টে আইপ্যাক (IPAC) মামলায় ইডি এবং রাজ্য সরকারের আইনি লড়াই বৃহস্পতিবার নতুন মাত্রা নিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে এদিন ইডি এবং রাজ্যের আইনজীবীরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন। একদিকে যেমন রাজ্যের আইনজীবী আদালতের ‘অপব্যবহার’ নিয়ে সরব হলেন, অন্যদিকে কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বাংলায় ‘আইন-শৃঙ্খলা’ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানালেন।

আদালতের ‘অপব্যবহার’, সরব রাজ্য

বুধবারের পর বৃহস্পতিবারও আইপ্যাক মামলার শুনানি শুরু হয়। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, ‘‘আদালতের অপব্যবহার করা হচ্ছে।’’ মেনকা গুরুস্বামীর দাবি, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও কেন্দ্রীয় সংস্থা যে যুক্তিগুলো দেখাচ্ছে, তাতে স্পষ্ট যে আদালতকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। আদালত যাতে এই রাজনৈতিক তরজার মঞ্চ না হয়ে ওঠে, সেই আবেদনই জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর ভূমিকা নিয়েও এদিন তিনি প্রশ্ন তোলেন।

রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে: ইডি

পালটা সওয়ালে ইডির আইনজীবী তুষার মেহতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভয়াবহ অভিযোগ আনেন। ২৭০০ কোটি টাকার বেআইনি কয়লা পাচার মামলার তদন্তের প্রসঙ্গ টেনে মেহতা বলেন, ‘‘এই মামলার তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা তাঁদের মৌলিক অধিকারের সুরক্ষাই পাচ্ছেন না।’’

তল্লাশি অভিযানে পুলিশের বাধার বিষয়টিও তিনি আদালতে তুলে ধরেন। মেহতার অভিযোগ, ইডির তল্লাশি রুখতে সেখানে পুলিশ পাঠানো হয়। শুধু তাই নয়, শতাধিক পুলিশকর্মীকে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে যান। বিষয়টি নিয়ে এদিনও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তুষার মেহতা। পুলিশের তরফে পাল্টা ইডি আধিকারিকদের বিরুদ্ধে ‘অনধিকার প্রবেশ’-এর যে মামলা দায়ের করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মেহতার কথায়, ‘‘এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে গভীর যোগসাজশ রয়েছে।’’

সিবিআই তদন্তের দাবি ও প্রাক্তন কমিশনার প্রসঙ্গ

ইডির আইনজীবীর দাবি, এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। এমনকি মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। প্রয়োজনে আদালতের নজরদারিতে এই তদন্ত হোক, এমনই আর্জি জানিয়েছেন মেহতা।

এদিনের শুনানিতে নাম না করেও প্রাক্তন পুলিশ কমিশনারকে একহাত নেন তিনি। মেহতার কথায়, ‘‘রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। একজন নাগরিক হিসেবে এই ঘটনা খুবই উদ্বেগজনক ও লজ্জাজনক।’’

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई