আবার বিতর্কে চিকিৎসক-রাজনীতিক শান্তনু সেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর জার্নাল জিমা–র একটি অ্যাকাউন্টে দেড় কোটিরও বেশি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগে তাঁকে ও আরও তিন চিকিৎসককে চিঠি পাঠিয়েছে সংগঠন।
অভিযোগ, আইএমএ-র প্যান ব্যবহার করে জিমাকন কলকাতা নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকেই ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকার লেনদেন (Monetary Transaction) হয়েছে। কিন্তু এই বিপুল লেনদেনের কোনও তথ্য নথিভুক্ত হয়নি বলেই অভিযোগ উঠেছে। এরপরই আইএমএ-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক চার চিকিৎসকের কাছে লেনদেনের বিস্তারিত জানতে চিঠি পাঠিয়েছেন।
সূত্রের খবর, এই তিন বছর অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন শান্তনু সেন-সহ চার চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে আইএমএ-র তদন্ত কমিটি সোমবার রিপোর্ট দেবে। বেঙ্গল শাখার তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
অভিযোগে ক্ষুব্ধ শান্তনু সেনের বক্তব্য, “যিনি অভিযোগ করেছেন, তিনিই ২০২০ থেকে ২০২২ পর্যন্ত জিমাকনের বিভিন্ন পদে ছিলেন। অথচ বলছেন অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেন না! আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম, যা বলার বলে এসেছি।”
আগেও বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু সেন। বেআইনিভাবে ‘বিদেশি ডিগ্রি’ ব্যবহার করে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য স্থগিতও করেছিল। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়।
আইএমএ-র অ্যাকাউন্টের এই নতুন অভিযোগ ফের প্রশ্নের মুখে ফেলেছে চিকিৎসক-রাজনীতিককে।
Partha Goswami
27/09/2025







