অস্বস্তিতে প্রশাসন, উঠেছে একাধিক প্রশ্ন – নাবালিকাদের হাতে এত সহজে মদ পৌঁছল কীভাবে?
এক সরকারি মদের দোকান থেকে অবলীলায় মদ কিনছে কয়েকজন ছাত্রী, পরনে স্কুলপোশাক (schoolgirls buy liquor Madhya Pradesh)। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাণ্ডলা জেলার নাইনপুর শহরে।
ঘটনাটি মুহূর্তে ভাইরাল (Viral video) হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। প্রশাসনও লজ্জায় পড়েছে, উঠেছে একাধিক প্রশ্ন – নাবালিকাদের হাতে এত সহজে মদ পৌঁছল কীভাবে?
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্ম পরা কয়েকজন কিশোরী মাথায় ওড়না চাপা দিয়ে দোকানে ঢুকছে। তারা কাউন্টারে গিয়ে মদ কিনছে, দোকানদার বিনা দ্বিধায় বিক্রিও করছে তাদের। শুধু তাই নয়, তারপর ওই কিশোরীরা নির্ভয়ে দোকান থেকে বেরিয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, দোকান মালিকের এই কাজ স্পষ্টতই আইনের লঙ্ঘন। এটা কী করে সম্ভব হল!
ভিডিওটি ভাইরাল হতেই নাইনপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) আশুতোষ ঠাকুর, স্থানীয় তহসিলদার এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তদন্ত শুরু করেন। ফুটেজের প্রতিটি ফ্রেম খতিয়ে দেখা হয়।
প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে, নাবালিকাদের কাছে মদ বিক্রি করা হয়েছে, যা জেনারেল লাইসেন্স কন্ডিশন (GLC)-এর সরাসরি লঙ্ঘন এবং মদ বিক্রির আইনে ফৌজদারি অপরাধ।
এই ঘটনার পর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আবগারি দফতরকে বিস্তারিত তদন্ত করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
জেলা আবগারি আধিকারিক রামজি পাণ্ডে জানিয়েছেন, “তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। রিপোর্ট খুব শিগগিরই কালেক্টরের কাছে পাঠানো হবে। দোকানের লাইসেন্স বাতিল করা হবে, জরিমানা ধার্য করা হবে এবং যিনি মদ বিক্রি করেছেন, তাঁর চাকরি খারিজ করা হবে। নাবালিকাদের কাছে মদ বিক্রি করা গুরুতর অপরাধ।”
Partha Goswami
26/10/2025







