‘লুঠ করে খেতে দেব না! ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের রাজনীতির রং বদলে দেব’, হুঁশিয়ারি হুমায়ুনের

SHARE:

এর আগে নতুন দল গঠন করে বিধানসভা ভোটে লড়াইয়ের ডাকও দিয়েছিলেন তিনি। স্বভাবতই এবারের হুঁশিয়ারি নতুন দল গঠনের অঙ্গ কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

ফের বেসুরো হুমায়ুন কবীর (Humayun Kabir)! দলের জেলা সভাপতি তথা কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের নাম না করে ভরতপুরের বিধায়কের হুঁশিয়ারি, “লুঠ করে খেয়ে নেতা হবে, আর ভোটের সময় তিন নম্বর – এইসব মানব না।”

এখানেই না থেমে দলের নেতৃত্বকে ‘আলটিমেটাম’ দিয়ে হুমায়ুন এও বলেন, “এইসব কথা প্রকাশ্যে বলছি। দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই, ৪৮ ঘণ্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের (TMC, Murshidabad) রাজনীতির রং কীভাবে পাল্টাবে।”

রাজ্যজুড়ে চলছে এসআইআর। দলের তরফে ভরতপুরে চালু করা হয়েছে ওয়াররুম। বুধবার ওই ওয়াররুমের উদ্বোধনে গিয়েই ফের দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন হুমায়ুন।

কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নাম না করেই হুমায়ুন বার্তা দেন: “নেতাগিরি করব, আর ভোটের বেলায় তৃণমূলে তিন নম্বর থাকব। তারা আমাদের চুল চেপে অর্ডার দেবে—তা আমরা মানব না।” এ ব্যাপারে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন।

মনে করিয়েছেন, “আমরা কাউকে আগে আঙুল দেখাব না। কিন্তু আমাদের উপরে কেউ এক আঙুল তুললে, আমরা দুই আঙুল তুলব। ইট ছুড়লে পাথরে জবাব দেব। এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি। তবে আর নয়।”

হুমায়ুন এও বলেন, “সম্মান দিয়ে নেতৃত্বের জন্য এখনও অপেক্ষা করছি। আমাদের লেজে পা দিলে, আমরাও ছোবল মারতে জানি।”

আর হুমায়ুনের এই ‘আলটিমেটাম’ ঘিরে ক্রমেই চড়ছে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ। কৌতূহল তৈরি হয়েছে যে হুমায়ুনের এই ৪৮ ঘণ্টার আলটিমেটাম কি কেবল রূপক — না কি তাঁকে সামনে রেখে নতুন কোনো মহড়া সাজাচ্ছেন বিদ্রোহী নেতা? কারণ, এর আগে নতুন দল গঠন করে বিধানসভা ভোটে লড়াইয়ের ডাকও দিয়েছিলেন তিনি। স্বভাবতই এবারের হুঁশিয়ারি নতুন দল গঠনের অঙ্গ কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে বিদ্রোহী নেতার হুঁশিয়ারির বিষয়ে দলের জেলা বা রাজ্য নেতৃত্বর তরফে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Partha Goswami

06/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई