মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক বাইকে ধাক্কা, মধ্যপ্রদেশে শিক্ষককে পিষে মারল পুলিশ

SHARE:

ঘটনার পরে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে অভিযুক্ত আধিকারিকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

শুক্রবারের সন্ধ্যা নিমেষে বদলে গেল মর্মান্তিক পরিণতিতে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে বসলেন এক পুলিশ অফিসার (drunk Police officer accident)! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নিমুচের এই ঘটনায় মারা গিয়েছেন এই শিক্ষক।

অভিযোগ, এক সহকারী সাব-ইনস্পেক্টর (ASI), নাম মনোজ যাদব, নিজের গাড়ি নিয়ে একের পর এক মোটরবাইকে ধাক্কা মারেন। সেই সময় তিনি মদ্যপ ছিলেন। ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই ছোট সন্তান, বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে নিমুচ-জাওয়াদ রোডে, ভরভাদিয়া গ্রামের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত ওই পুলিশ অফিসার এতটাই মদ্যপ ছিলেন যে, গাড়ি থেকে নামার পর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। “ওঁর গোটা শরীর থেকেই মদের গন্ধ বেরচ্ছিল। আর চারপাশে রক্তাক্ত অবস্থায় আহতরা পড়েছিলেন,” জানান এক প্রত্যক্ষদর্শী। পরে পুলিশ তাঁর গাড়ি থেকে মদের বোতল ও খালি গ্লাস উদ্ধার করে।

মৃত শিক্ষক দশরথ (৪২) স্থানীয় জ্ঞানোদয় আইটিআই কলেজে পড়াতেন। সেদিন স্ত্রী ললিতা বাই (৩৫) এবং সন্তান হর্ষিত (১০) ও জয়া (৬)-কে নিয়ে বাজার থেকে সবজি কিনে ফিরছিলেন তিনি। ঠিক তখনই পেছন থেকে দ্রুত গতিতে পুলিশ অফিসারের গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের মোটরবাইকটিকে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে দশরথকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একই ঘটনায় এক পথচারী যিনি আথানা এলাকার বাসিন্দা, নাম ভোপাল (৪৪), আহত হয়েছেন।

ঘটনার পরে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে অভিযুক্ত আধিকারিকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভের জেরে নিমুচের পুলিশ সুপার অভিযুক্ত এএসআই মনোজ যাদবকে অবিলম্বে সাসপেন্ড করেন এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।

Partha Goswami

08/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई