অভিযোগ দায়ের হয়েছে ঠিকই, তবে র্যাপিডো সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ব্যস্ত জীবনে ট্র্যাফিকের সময় বাঁচাতে অনেকের কাছেই র্যাপিডো (Rapido) রীতিমতো একটা ভরসার নাম। কিন্তু সেখানেও যদি মহিলাদের শ্লীলতাহানির শিকার হতে হয়! এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক র্যাপিডো চালকের বিরুদ্ধে (Rapido rider misbehaves with woman Bengaluru)।
অভিযোগ, ওই চালক বাইক চালাতে চালাতেই তরুণীর পায়ের দিকে হাত বাড়ান। ভয় ও অপমানে হতবাক তরুণী বুদ্ধি করে ঘটনার ভিডিও তুলে নেন, পরে তা নিয়ে থানায় অভিযোগ জানান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ। তরুণীর অভিযোগের ভিত্তিতে উইলসন গার্ডেন থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
তরুণী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘চার্চ স্ট্রিট থেকে নিজের পিজি (পেয়িং গেস্ট হিসেবে যেখানে থাকেন তিনি)-তে ফিরছিলাম র্যাপিডো বাইকে। হঠাৎ খেয়াল করি চালক আমার পা জাপটে ধরার চেষ্টা করছেন।’
তিনি আরও লেখেন, ‘এতটাই হঠাৎ ঘটেছিল ঘটনাটা যে, প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে আমি বলে উঠি, ‘দাদা, কী করছেন এটা? করবেন না।’ কিন্তু তবুও সে থামেনি।’
তাঁর কথায়, ‘আমি এখানে নতুন এসেছি, তাই বাইক থামাতে বা কোথায় নামব বুঝতে পারছিলাম না। গন্তব্যে পৌঁছনোর পর এক ব্যক্তি বুঝতে পারেন কিছু একটা ঘটেছে, জিজ্ঞাসা করেন কী হয়েছে।’
তরুণী জানান, ‘অচেনা ওই ব্যক্তি সাহায্য করতে এগিয়ে আসেন এবং চালককে জেরা করতে শুরু করেন। চাপের মুখে সে তখন ক্ষমা চেয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় আঙুল তুলে এমন ভঙ্গি করে, সেটা আমার ভয় আরও বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও লিখেছেন, “এই অভিজ্ঞতা খুবই অপমানজনক। ক্যাব হোক বা বাইক, কোনও মেয়েকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেন? এর আগেও এমন ঘটেছে, কিন্তু আজ চুপ থাকতে পারিনি, কারণ সত্যিই নিরাপদ লাগছিল না নিজেকে।”
Partha Goswami
08/11/2025







