ভাইরাল ভিডিওতে দেখা গেল বীর দাসকে মারধর করছেন আমির খান!
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেতা আমির খান এবং বীর দাসকে দেখা যায়। ভিডিওটিতে প্রথমে আমির খানকে দেখা যায় বীর দাসকে ভাল ছবি বানানোর পরামর্শ দিতে। বীর দাস যখন তাঁর নতুন ছবিতে কমেডি, রোমান্স এবং নিজের আইটেম ডান্সের কথা বলেন, তখন আমির খান সরাসরি বলে দেন, “এই ছবি একেবারেই ফ্লপ হবে।”
আমির খানের মুখে ‘ফ্লপ’ শব্দটি শুনেই বীর দাস সুযোগ বুঝে অভিনেতাকে পালটা আক্রমণ করেন। বীর বলেন, “সে তো আপনারও ‘লাল সিং চাড্ডা’ ছবি একদমই চলেনি!” এই কথা শুনেই আমির খান প্রচণ্ড রেগে যান এবং বীর দাসকে মারধর করতে শুরু করেন।
এর মধ্যেই একদল তরুণ-তরুণী ঘরে প্রবেশ করে এবং বীর দাসকে জানায় যে তাঁর ছবি দেখে তারা মুগ্ধ। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়! সঙ্গে সঙ্গে আমির খান বীর দাসকে জড়িয়ে ধরে বলেন, “আমিই তো বলেছিলাম এমন ছবি তৈরি করতে!”
আসল ঘটনা হল এই ভিডিওটি ছিল শুধুই একটি ব্যঙ্গ-রসিকতা এবং আত্ম-সমালোচনামূলক ভঙ্গিতে বানানো। এই মজার ভিডিওর মাধ্যমেই অভিনেতা আমির খান এবং বীর দাস তাঁদের নতুন ছবি ‘হ্যাপি পাটেল’-এর ঘোষণা করেছেন।
জানা গেছে, এই ছবির মাধ্যমে অভিনেতা ইমরান খানও কামব্যাক করতে চলেছেন। স্বাভাবিকভাবেই এই ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। আমির খান প্রোডাকশন প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন বীর দাস এবং মোনা সিং। এই ছবির মাধ্যমে বীর দাস প্রথমবার পরিচালনায় হাতেখড়ি দিতে চলেছেন।
ছবিটি আগামী ১৬ জানুয়ারি, ২০২৬ তারিখে সারা দেশে মুক্তি পাবে। তবে এই প্রথমবার নয়, এর আগেও আমির খান তাঁর নিজস্ব স্টাইলে এমন অনবদ্যভাবে ‘ড্রিম ১১’ বা ‘সিতারে জমিন পর’ ছবির ইউটিউবে মুক্তি—ইত্যাদি ঘোষণা করেছিলেন। তাই প্রথমে কিছুটা চমকে গেলেও, পরে দর্শক বুঝতে পেরেছেন এটি আসলে একটি ছবির ঘোষণারই অংশ।
Partha Goswami
04/12/2025







