ঝাঁসির ভোটার তালিকায় বচ্চনের নাম! যে জায়গার ঠিকানা দেওয়া, সেখানে এখন মন্দির

SHARE:

সংশোধনী প্রক্রিয়ায় পাওয়া পুরনো একটি তালিকায় দেখা যাচ্ছে, ২০০৩ সালের ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নাম রয়েছে।

 বিভিন্ন রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR)। আর সেই তালিকা ঝালিয়ে নিতে গিয়েই সামনে এল এক চাঞ্চল্যকর নাম—অমিতাভ বচ্চন। শুনতে অবশ্যই অবাক লাগছে। কারণ, বহুদিন ধরেই তিনি মুম্বইয়ের বাসিন্দা। প্রতি নির্বাচনে জুহু এলাকায় তাঁর ভোট দিতে যাওয়ার দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে বহুবার। কিন্তু তা হলে হঠাৎ ঝাঁসির ভোটার তালিকায় তাঁর নাম এল কীভাবে? তিনি নাকি ঝাঁসির ভোটার!

সংশোধনী প্রক্রিয়ায় পাওয়া পুরনো একটি তালিকায় দেখা যাচ্ছে, ২০০৩ সালের ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নাম রয়েছে। শুধু তাই নয়, সেই তালিকায় রয়েছে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নামও। ঠিকানা দেওয়া—ঝাঁসী শহরের ওর্চা গেট সংলগ্ন অঞ্চল, বাড়ির নম্বর ৫৪।

স্থানীয় বাসিন্দারা অবাক। তাঁদের বক্তব্য, ওই এলাকায় তাঁরা কখনও অমিতাভ বা তাঁর পরিবারের কাউকেই দেখেননি। এমনকি ৫৪ নম্বর বাড়িও সেখানে নেই। যে জায়গার ঠিকানা দেওয়া, সেখানে বর্তমানে একটি মন্দির দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে বাড়ির কথা বলা হচ্ছে, সেই বাড়ির অস্তিত্বই নেই। তাহলে এই নাম এল কোথা থেকে?একাধিক প্রশ্নও উঠে এসেছে—এ কি নিছক ভুল, না কি রয়েছে অন্য কোনও রহস্য?

এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। তালিকাটি প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এমন নাম তালিকায় ঢুকল, কার গাফিলতিতে এমন বড় গোলমাল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

অমিতাভ বচ্চনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া না এলেও, সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ঘিরে কৌতূহলের শেষ নেই। কেউ বলছেন বড়সড় ভুল, কেউ আবার বলছেন পরিকল্পিত ছক। সত্যি কী, তার উত্তর দেবে প্রশাসনিক তদন্তই।

Partha Goswami

05/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई