দেহের পাশেই পাওয়া গিয়েছে ঠান্ডা পানীয়ের বোতল, ভাঙা মদের বোতল ও প্লাস্টিকের গ্লাস। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে ওই এলাকায় বসা মদের আসরেই ঘটতে পারে খুনের ঘটনা।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) দুর্গাপুজোর (Durga Puja 2025) শেষে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল এলাকা। শুক্রবার সকালে বারুইপুর থানার বেগমপুর (Begampur) গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় উদ্ধার হল এক যুবকের গলাকাটা দেহ (Body Found Near Baruipur)। স্থানীয়রা প্রথমে রক্তাক্ত দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ (Police)।
দেহের পাশেই পাওয়া গিয়েছে ঠান্ডা পানীয়ের বোতল, ভাঙা মদের বোতল ও প্লাস্টিকের গ্লাস। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে ওই এলাকায় বসা মদের আসরেই ঘটতে পারে খুনের ঘটনা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শান্তু মণ্ডল। বেঙ্গালুরুর একটি হোটেলে কাজ করতেন তিনি। তাঁর কাছে প্রায় ৭০ হাজার টাকা, সোনার চেন, আংটি, ব্রেসলেট এবং ঘড়ি ছিল। সেগুলি উধাও হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই এলাকায় মদের আসর বসে, চলে অসামাজিক কাজকর্ম। প্রায়ই দেখা যায়, অচেনা যুবকদের আনাগোনা। প্রতিবাদ করলে হুমকি পর্যন্ত দেওয়া হয় সাধারণ মানুষকে। “পথের ধারে প্রায়ই পড়ে থাকে ভাঙা বোতলের টুকরো। পুলিশি টহল না বাড়ালে এমন ঘটনা আবারও ঘটতে পারে,” অভিযোগ বাসিন্দাদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা খুনে জড়িত, তা জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, “ঘটনাটি খুন বলেই মনে হচ্ছে। তদন্ত শুরু হয়েছে, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করা হবে।”
ভোরের রক্তাক্ত ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পুজোর আমেজের মধ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ বারুইপুরের বেগমপুর।
Partha Goswami
04/10/2025







