আচার্য হিসাবে কৃতীদের জন্য পুরস্কার চালু করতে চান, কল্যাণী‌র সমাবর্তনে ঘোষণা রাজ্যপালের

SHARE:

বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁর ভাষণে ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, শিক্ষাকর্মীদের কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের অর্থ প্রদান করবেন।

সোমবার সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University)। উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সমাবর্তন উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণ সমাজের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই শিক্ষিত তরুণ সমাজ গঠন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ তিনি ছাত্রছাত্রী ও গবেষকদের উদ্দেশে আরও বলেন, ‘আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধ, সৃজনশীলতা ও প্রযুক্তিকে যুক্ত করাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল (Kallol Pal) দীক্ষান্ত ভাষণে শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, ‘আমি আশা রাখছি মাননীয় আচার্যের অনুমতি-সাপেক্ষে আগামী দিনে এই সমাবর্তন উৎসব প্রতি বছর নির্দিষ্ট দিন পয়লা ডিসেম্বরেই হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যে সকল ছাত্রছাত্রী দেশ-বিদেশ যাচ্ছে, তাঁদের পক্ষে এটা খুব সুবিধা হবে। তাঁরা আগে থেকে জানতে পারবে এবং নির্দিষ্ট দিনে আসার জন্য তৈরি থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁর ভাষণে ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, শিক্ষাকর্মীদের কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের অর্থ প্রদান করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল আচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, ‘আগামী দিনে আমরা রাজ্য তথা দেশে বিশ্ববিদ্যালয়কে প্রথম সারিতে নিয়ে যেতে চাই। এটা আমাদের ঐকান্তিক ইচ্ছা। সকলের সহযোগিতায় আমার যোগদানের এগারো মাসের মাথায় অনুষ্ঠিত হল একত্রিশতম সমাবর্তন অনুষ্ঠান।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক ড. বিমলেন্দু বিশ্বাসের কাছ থেকে জানা যায়, এবারের উৎসবে মোট ৬৯৯৯২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ডিগ্রি সার্টিফিকেট পেলেন। ডি.লিট ১জন এবং পিএইচডি ডিগ্রি প্রদান করা হল ৩০৫ জন গবেষককে। ১০১ জন শিক্ষার্থী বিভিন্ন পদক পেলেন। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর উপাচার্য অধ্যাপক ভি. রামগোপাল রাও উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তরুণদের দলবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘নেতৃত্ব কেবল উপরে ওঠার জন্য নয়, এটি উন্নতির সঙ্গে সঙ্গে অন্যদের উন্নীত করার জন্য।’

উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, বিভিন্ন অনুষদের অধ্যক্ষ যথাক্রমে অধ্যাপক নিলাশিস নন্দী, অধ্যাপক উদয়ভানু ভট্টাচার্য, অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় প্রমুখ। এবারের সমাবর্তন উৎসবকে ঘিরে ছাত্রছাত্রী, গবেষক এমনকি অ্যালুমনি মহলেও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Partha Goswami

02/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई