বঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত মোদী, এর মধ্যেই এল বিস্ফোরণে ওড়ানোর হুমকি মেল! জারি হাই অ্যালার্ট

SHARE:

বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে হত্যার হুমকি, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার চাঞ্চল্যকর বার্তা- একটি ভয়াবহ হুমকি ইমেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল পাঞ্জাব ও হরিয়ানায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ আজ, এদিনই বাংলায় প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মধ্যেই তাঁকে টার্গেট করে এল হুমকি মেল। শুধু তিনি নন, নিশানায় রয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও। বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে হত্যার হুমকি, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার চাঞ্চল্যকর বার্তা- একটি ভয়াবহ হুমকি ইমেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল পাঞ্জাব ও হরিয়ানায়।

পাঞ্জাবের (Punjab) নিরাপত্তা সংস্থাগুলির কাছে এই হুমকি মেল এসেছে বলে জানা গেছে। ইমেলে জানানো হয়েছে, ২৪ এপ্রিল শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানার (Haryana) বিভিন্ন রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হবে। শুধু তাই নয়, হুমকির তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও।

লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা ও ফিরোজপুর–সহ একাধিক শহরে হামলা চালানোর পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে সেই ইমেলে। ফলে দুই রাজ্যেই ‘হাই অ্যালার্ট’ জারি করে তল্লাশি ও নজরদারি আরও কঠোর করা হয়েছে।

সীমান্তবর্তী পাঞ্জাব বহুদিন ধরেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই–এর (ISI) নজরে। মাদক, অস্ত্রপাচার ও চরবৃত্তির অভিযোগে প্রায়ই ধরপাকড় চলে। গত এক বছরে ভারতীয় সেনা একাধিক পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে সীমান্ত এলাকায়। ফলে নতুন হুমকির বার্তাকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না দুই রাজ্যের প্রশাসন। পাঞ্জাব ও হরিয়ানার পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত তৎপরতা শুরু করেছে।

গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে শুরু হয়েছে তল্লাশি, আরপিএফকে (RPF) রেললাইনে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরও বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ধরনের হুমকি নতুন নয়। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এর আগেও একাধিকবার এমন ইমেল ও ফোন এসেছে। গত বছর নভেম্বর মাসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক মহিলা ফোন করে দাবি করেন, প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে এবং অস্ত্রও প্রস্তুত। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেও ফোনের ওপারের মহিলাকে চিহ্নিত করা যায়নি। যদিও পরে আর কোনও বিপদও ঘটেনি। ২০২২ সালেও এনআইএ–র হাতে আসে ২০টি শহরে নাশকতার হুমকি-সহ একটি ইমেল, যেখানে মোদীকে খুন করার কথাও উল্লেখ ছিল।

পাঞ্জাব-হরিয়ানা প্রশাসন পুরোপুরি সতর্ক। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে, রেললাইন ও স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। নিরাপত্তা আধিকারিকদের মতে, হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই রাজ্যে নিরাপত্তা জোরদার হলেও সতর্কতার মোড়কে ছড়িয়েছে উদ্বেগ।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई