এদিন যশস্বীর শতক এসেছে ১৪৫ বলে। এটি তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি।
আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট রান পাননি ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় টেস্টেই তিনি শতক (Yashasvi Jaiswal’s Century) হাঁকিয়ে ভারতের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিলেন। সেই সঙ্গে অবশেষে অর্ধশতক হাঁকিয়ে সুযোগের সদ্ব্যবহার করলেন তরুণ সাই সুদর্শন।
আজ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট (India Vs West Indies, Second Test)। প্রথম দিন টিম ইন্ডিয়া লাঞ্চে গিয়েছিল এক উইকেট হারিয়ে ৯৪ রানে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আগের টেস্টের দল নিয়েই নেমেছ ভারত। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। তবে এদিন অবশ্য ঝড় তুলে নয়, দেখেশুনেই ক্যারিবিয়ানদের খেলতে শুরু করেন লোকেশ ও যশস্বী।
তবে দলীয় ৫৮ রানেই হয় ছন্দপতন। গত ম্যাচে শতক হাঁকানো রাহুল এদিন ফিরে গেলেন ৫৪ বলে ৩৮ রান করে। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। ওয়ারিক্যানের বলে টেভিন ইমল্যাচের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান তিনি।
Partha Goswami
10/10/2025







