প্রশ্ন করা মানেই অরাজকতা নয়! যাদবপুরের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মোদীর ‘শিষ্টাচার’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

SHARE:

শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্যবোধ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

যাদবপুরের পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্যবোধ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

পড়ুয়াদের পাশে মমতা

প্রতি বছর এনআইআরএফ (NIRF) র‍্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে শীর্ষ স্থান দখল করে, তা মনে করিয়ে দিয়ে মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, “আপনার সরকারের দেওয়া র‍্যাঙ্কিংয়েই যাদবপুর প্রতি বছর সেরা স্থান পায়। আর সেই শ্রেষ্ঠত্বের কেন্দ্রকে আপনি অপমান করছেন? এত নীচে নামলেন?”

পড়ুয়াদের মেধাগত উৎকর্ষের প্রশংসা করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যাদবপুরের পড়ুয়ারা মেধাবী। তাঁরা ডিগ্রি অর্জন করেন, তাঁদের নিজস্ব বুদ্ধি আছে, প্রশ্ন করার ক্ষমতা আছে। এটা অরাজকতা নয়, এটা শিক্ষা এবং শ্রেষ্ঠত্ব।”

ঘটনা হল, শুক্রবার যাদবপুরের নির্বাচনী জনসভা থেকে বলেছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে।” তিনি বলেন, “এভাবে চললে শিক্ষার মান নষ্ট হয়ে যাবে। যে সরকার নিজের রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্রকে সুরক্ষিত রাখতে পারে না, তারা গোটা রাজ্যকে কীভাবে রক্ষা করবে? ছাত্রদের মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে। পড়াশোনা হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চাই।”

মোদীর এই ‘জ্ঞান দেওয়া’ একেবারেই সহ্য কোর্টে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ‘অরাজকতা’র সংজ্ঞা দিয়ে একটি দীর্ঘ তালিকা পেশ করেছেন মমতা। তাঁর নিশানায় উঠে এসেছে কেন্দ্রের বিভিন্ন ইস্যু। মমতা লিখেছেন,

  • বুলডোজার দিয়ে ন্যায়বিচারের বদলে শক্তির প্রদর্শন করা
  • কৃষকদের কণ্ঠরোধ করা
  • রাজনৈতিক সুবিধার্থে অপরাধীদের (ধর্ষক) মুক্তি দেওয়া
  • গরিব মানুষের পাওনা থেকে বঞ্চিত করা
  • ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা
  • সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পাওয়া এবং দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া
  • মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী তাতে নির্বিকার ও নির্বাচনী প্রচারে ব্যস্ত

মমতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পড়ুয়াদের প্রতিবাদ মানে গণতন্ত্রের পতন নয়, বরং গণতন্ত্রের সক্রিয়তা। তিনি প্রধানমন্ত্রীকে সাবধান করে দিয়ে লিখেছেন, “শ্রী অরবিন্দর মতো মনীষীদের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাকে এভাবে কলঙ্কিত করবেন না।”

Partha Goswami

24/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई