মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের কথা ভেবে এই রবিবার স্বাভাবিক সময়ের চেয়ে কম ব্যবধানে মেট্রো চালানো হবে।
রবিবার রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা (Police Recruitment Exam)। আর সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ওই দিন ব্লু ও গ্রিন দুই লাইনেই চালানো হবে অতিরিক্ত ট্রেন। ইতিমধ্যে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, ব্লু লাইনে (Blue Line) (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) রবিবার সাধারণত সকাল ৯টা থেকে ট্রেন চললেও পরীক্ষার দিন সকাল ৭টা থেকে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো চালানো হবে।
নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। এদিকে শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম ট্রেন ছাড়া হবে সকাল ৭টা ৪ মিনিটে, আর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে। রবিবার ব্লু লাইনে ১৩০টি মেট্রো চললেও এই রবিবার ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
অন্যদিকে, গ্রিন লাইনেও (Green Line) (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ) সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকেই পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ৭টা ২ মিনিটে। রবিবারের ১০৪টি মেট্রোর বদলে এদিন মেট্রো চলবে ১১২টি।
মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে, পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের কথা ভেবে এই রবিবার স্বাভাবিক সময়ের চেয়ে কম ব্যবধানে মেট্রো চালানো হবে।
Partha Goswami
11/10/2025







