হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।
রুশ তেল (Russian Crude Oil) কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবির পাল্টা জবাব দিয়েছে নয়াদিল্লি (Indian Govt)। প্রতিক্রিয়া দিল মস্কোও। রাশিয়ার (Russia) সাফ বক্তব্য – ভারত ও আমেরিকা দু’জনেই স্বাধীন দেশ, তাদের দ্বিপাক্ষিক সিদ্ধান্তে রাশিয়া হস্তক্ষেপ করবে না। তবে রুশ তেল ভারতের অর্থনীতি এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য অত্যন্ত উপকারী।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ (Denis Alipov) বলেন, “ভারত এবং আমেরিকা তাদের সিদ্ধান্তে স্বাধীন। এই বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। আমাদের তেল সরবরাহ ভারতের অর্থনীতি এবং ভারতীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
এর আগে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তাঁর কথায়, “আমি খুশি ছিলাম না যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে। মোদী আজ আমাকে আশ্বস্ত করেছেন, আর তেল কেনা হবে না। এটা এক বড় সিদ্ধান্ত।”
এদিকে বিষয়টি নিয়ে ভারত সরকার খোলসা করে জানিয়েছে, জ্বালানি নীতির মূল লক্ষ্য সব সময়ই ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখা, কোনও বিদেশি চাপ নয়।
বুধবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়েশওয়াল বলেন, “ভারত একটি বড় তেল ও গ্যাস আমদানিকারী দেশ। অস্থির পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তার স্বার্থ রক্ষাই আমাদের নিরবচ্ছিন্ন অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি এই লক্ষ্যেই পরিচালিত হয়।”
তিনি আরও যোগ করেন, “স্থিতিশীল দামের নিশ্চয়তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ – এই দুই লক্ষ্যই আমাদের জ্বালানি নীতির ভিত্তি। সেই কারণে আমরা সবসময় জ্বালানির উৎসকে বৈচিত্র্যময় করতে চাই, বাজারের অবস্থার উপর নির্ভর করে।”
পাশাপাশি তাঁর এও বক্তব্য, “আমেরিকার ক্ষেত্রেও গত এক দশকে আমরা ধারাবাহিক ভাবে জ্বালানি আমদানি বৃদ্ধি করেছি। বর্তমান প্রশাসনও ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করার ইচ্ছা দেখিয়েছে। আলোচনা চলছে।”
Partha Goswami
16/10/2025







