গঙ্গার ধারে গড়াগড়ি খাচ্ছে একগুচ্ছ ভোটার তালিকা! তুঙ্গে রাজনৈতিক তরজা

SHARE:

চুঁচুড়ার রূপনগর মাঠে গঙ্গার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়ার মাঝে এই ঘটনায় চাঞ্চল্য হুগলিতে, উঠছে প্রশাসনিক গাফিলতির অভিযোগ।

হুগলিতে গঙ্গার ধারে গড়াগড়ি খেতে দেখা গেল ভোটার তালিকা। বুধবার বিকেলে চুঁচুড়ার রূপনগর মাঠে, গঙ্গার ধারে নির্জন এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুচ্ছ ভোটার তালিকা। স্থানীয়দের চোখে পড়ে, জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন গুরুত্বপূর্ণ নথি পড়ে থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

রাজ্যে বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া। নির্বাচন কমিশন এই পরিমার্জনের কাজ শুরু করেছে, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

শাসকদল তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, এসআইআর-এর মাধ্যমে ভুয়ো, মৃত এবং অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, সেটাই নাকি আতঙ্কের কারণ সবুজ শিবিরের।

এরই মধ্যে এই ভোটার তালিকা ফেলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ‘কোন সালের ভোটার তালিকা ফেলা হল, সেটা দেখা প্রয়োজন। এসআইআর চলার সময় এমন ঘটনা কেন ঘটল, সেটা প্রশাসনকে খতিয়ে দেখা উচিত।’

স্থানীয় বাসিন্দারাও স্বপনবাবুর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানিয়েছেন, ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ নথি এইভাবে ফেলে রাখা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের দাবি, এর পেছনে কারও গাফিলতি বা উদ্দেশ্য আছে কি না, তা দ্রুত তদন্ত করা উচিত।

এদিকে, জানা গিয়েছে, বর্তমানে বিএলও-রা পুরনো অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সর্বশেষ প্রকাশিত তালিকা মিলিয়ে দেখা শুরু করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলিও নিজস্বভাবে এসআইআর ম্যাপিংয়ের কাজ চালাচ্ছে।

তবে গঙ্গার পাড়ে পড়ে থাকা এই নথির গুচ্ছ, নির্বাচনের মুখে রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসন এখন দেখার বিষয়, এই ভোটার তালিকা ঠিক কীভাবে গঙ্গার ধারে এল, আর এর পেছনে আসল গল্পটা কী?

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई