বিহারে নির্বাচনের (Bihar Election) তারিখ ঘোষণার আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শেষ হয়েছে। এবার সেই প্রক্রিয়া শুরু হচ্ছে দক্ষিণ ভারতে।
বিহারে নির্বাচনের (Bihar Election) তারিখ ঘোষণার আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শেষ হয়েছে। এবার সেই প্রক্রিয়া শুরু হচ্ছে দক্ষিণ ভারতে। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, তামিলনাড়ুতে (Tamil Nadu) আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে এসআইআর (SIR)। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে— বাংলাতেও কি খুব শিগগিরই শুরু হবে বিশেষ নিবিড় সমীক্ষা?
মাদ্রাজ হাইকোর্টে এই ঘোষণাটি আসে একটি জনস্বার্থ মামলার শুনানির সময়। মামলাটি করেছিলেন এআইএডিএমকে-র প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণন। তিনি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তামিলনাড়ুর টি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর দাবি ছিল, ভোটার তালিকা যাতে একেবারে স্বচ্ছ হয়, তার জন্য হস্তক্ষেপ করুক আদালত।
শুক্রবার শুনানিতে নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন আদালতকে জানান, তামিলনাড়ুতে এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে বিশেষ নিবিড় সংশোধন শুরু হবে। এটি হবে সারা দেশে কমিশনের বৃহত্তর সমীক্ষা কার্যক্রমেরই অংশ। তিনি আরও জানান, এসআইআর চালাতে গিয়ে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মানা হবে, এবং কমিশন ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছে।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— বাংলাতেও কি এক সপ্তাহের মধ্যেই শুরু হবে এসআইআর? কারণ, আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। একই সময়ে ভোট হওয়ার কথা তামিলনাড়ুতেও। তাই দু’টি রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে যদি এসআইআর শেষ করতে হয়, তবে সময়সূচি কাছাকাছি থাকাই স্বাভাবিক।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ছাড়াও ২০২৬ সালে অসম, কেরল ও পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন নির্ধারিত। ফলে এই রাজ্যগুলিতেও শিগগিরই সমীক্ষা শুরু হতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।
নির্বাচনী দফতরের শীর্ষ সূত্রের মতে, বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হলে তা ভোটের পূর্বপ্রস্তুতির অন্যতম ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর তাই তামিলনাড়ুর পর সব চোখ এখন বাংলার দিকেই।
বস্তুত, নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, বাংলার ২০০২ সালের তালিকা এবং ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে— দু’টির মধ্যে মাত্র ৫২ শতাংশ ভোটারের তথ্য মিলে গেছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন ৭.৬ কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না।
Partha Goswami
25/10/2025







