ত্রিপুরায় প্রতিমা বিসর্জনে উত্তেজনা, ওসিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

SHARE:

সাউন্ড বক্স বন্ধ করার জেরে এক ওসির ওপর হামলার অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।

কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় (Kalipuja immersion) চরম বিশৃঙ্খলা, সাউন্ড বক্স বন্ধ করার জেরে এক ওসির ওপর হামলার (Tripura Police assault) অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওসিকে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি, ঘুষিতে ঝাঁপিয়ে পড়েন ক্লাব সদস্যরা।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) বিলোনিয়া শহরের ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমার বিসর্জনের সময়। জানা গিয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় একটি গাড়িতে মঞ্চের মতো করে স্টেজ তৈরি হয়েছিল, চলছিল জোরে গানবাজনা। এর ফলে এলাকায় ভয়ানক যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন সংশ্লিষ্ট থানার ওসি। তিনি ক্লাব উদ্যোক্তাদের অনুরোধ করেন সাউন্ড বক্সের আওয়াজ কমাতে। কিন্তু উদ্যোক্তারা কথায় কর্ণপাত করেননি।

পরে ওসি নিজেই গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করে দেন। তখনই আচমকা উত্তেজিত উদ্যোক্তাদের একাংশ ওসিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় ফেলে তাঁকে কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়। ঘটনাস্থলেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পৌঁছয় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাঁদের সঙ্গেও শুরু হয় পুজো উদ্যোক্তাদের বচসা। শেষ পর্যন্ত পুলিশ ওই সাউন্ড বক্স ও গাড়ি বাজেয়াপ্ত করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরতলার অন্যান্য ক্লাব সরকারি নির্দেশ অনুসরণ করলেও, বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব নির্দেশ অমান্য করেছে। অভিযুক্তরা বিজেপি কর্মী বলে অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, দলীয় ক্ষমতার সুযোগ নিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করা হয় বলেও অভিযোগ।

তবে উদ্যোক্তাদের একাংশের পাল্টা অভিযোগ, ওই পুলিশ আধিকারিক তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং শোভাযাত্রায় থাকা এক সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেন। তাঁদের দাবি, এরই প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্লাব সদস্যরা।

Partha Goswami

25/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई