ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক: মমতা

SHARE:

গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় একটি রিলিফ ক্যাম্পেও যান মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্পেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।’

উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে (North Bengal Flood) একের পর এক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশ অতি বৃষ্টি ও ভুটানের থেকে আসা জলে ভেসে গিয়েছে। সেতু, বাড়িঘর ভেঙে পড়া, জরুরি নথি হারিয়ে যাওয়া, চাষের জমি নষ্ট হ‌ওয়া, এমন একাধিক ক্ষয়ক্ষতির মুখে এখন উত্তরবঙ্গবাসী। বিপর্যয়ের খবর পাওয়ার পর গত সপ্তাহেই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সপ্তাহের মধ্যে ফের একবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মূলত ত্রাণের কাজে তদারকি করার জন্য‌ই তাঁর এই সফর। সোমবার সকাল সকাল এই কাজেই তিনি পৌঁছে যান নাগরাকাটায়। সেই নাগরাকাটা যেখানে গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় একটি রিলিফ ক্যাম্পেও যান মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্পেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।’

নিজের দাবির সমর্থনে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই। আর ভুটানের জলে এতবড় ঘটনা ঘটেছে। আমরা অনেকদিন ধরে বলছি ইন্দো-ভুটান রিভার কমিশন করা উচিত। বাংলাকে সদস্য হিসাবে রাখা উচিত। যতদূর জানি, আমাদের চাপে ১৬ তারিখে (অক্টোবর) একটা মিটিং ডাকা হয়েছে। আমরা (আমাদের) অফিসারকে পাঠাবো। কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক।”

ক্ষতিপূরণের সব কাজ রাজ্য সরকারকেই করতে হয় বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “না দিল্লি এক পয়সা দেয়, না কেউ এক পয়সা দেয়।” ভুটান থেকে শুধু জল আসেনি, নদীর জলের সঙ্গে ডলোমাইটও ভেসে এসেছে। ভুটান থেকে আসা এই ডলোমাইটকে অবশ্য কাজে লাগানোর পথ‌ও বাতলে দিয়ে (উপস্থিত জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে) মমতা বলেন, “সিএস (মুখ্যসচিব)-এর সঙ্গে কথা বলে তোমরা যেটা করবে, এই ডলোমাইটটা তোমরা তুলে নাও। তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। অনেক পড়ে আছে। ওটাকে তুলে নিলে ওই টাকাটা দিয়ে তোমরা ডিজাস্টারে (মোকাবিলায়) কাজে লাগাতে পারবে।”

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई