নেটফ্লিক্সে বাংলার জয়জয়কার! সেরা শোয়ের শীর্ষে কৌশিক-পুত্র উজানের সিরিজ ‘কুরুক্ষেত্র’

SHARE:

গত সপ্তাহে এই সিরিজ নেটফ্লিক্সে রিলিজ করে। সাত দিন হতে না হতেই সামনে এল এমন ঝকঝকে স্কোরকার্ড। যা নিঃসন্দেহে নির্মাতাদের পরের সিজন বানানোর সাহস জোগাবে।

বাংলার স্টুডিওতে বানানো। পরিচালক ও নির্মাতা-শিল্পীদের প্রত্যেকে বাঙালি। দু’বছরের নিরলস পরিশ্রম। এক অর্থে, বিতর্ক ও দামামার বাইরে বেরিয়ে নিরাভরণ ট্রেলার লঞ্চ। খানিক চুপিসারেই! তবু আত্মপ্রকাশের পরেই ঝড় তুলল পর্দার আড়ালে থাকা অ্যানিমেশন সিরিজ ‘কুরুক্ষেত্র’ (Kurukshetra TV Series)। দখল করল নেটফ্লিক্সে (Netflix) পয়লা নম্বর কুর্সি। ভারতে স্ট্রিমিং হওয়া সিরিজের তালিকায় শীর্ষে উজান গাঙ্গুলি নির্দেশিত আঠারো এপিসোডের ‘কুরুক্ষেত্র’ (Kurukshetra)।

ভয়েস ওভারে কোনও তারকা শিল্পীর গলা নেই। স্রেফ ধরতাইটুকু বেঁধে দিয়েছেন গুলজার (Gulzar)। বাকি জাদুমন্ত্র উজান (Ujaan Ganguly) এবং খাস কলকাতার হাই-টেক অ্যানিমেশন স্টুডিওর (Hi-Tech Animation Studio) প্রায় জনাপাঁচশো কর্মীর। তবু কনটেন্টে জোর আর ছবি তৈরির কৌশল আয়ত্তে থাকলে যে সবার জানা, সবার শোনা মহাকাব্যের জনপ্রিয়তম পর্ব থেকে আস্ত সিরিজ বানানো যায় এবং তা এতখানি আদৃত হতে পারে—উজান এই সহজ সমীকরণই হাতে করে দেখিয়ে দিলেন!

বাবা, পরিচালক কৌশিক গাঙ্গুলিও (Kaushik Ganguly) যথারীতি উত্তেজিত। ছেলের সাফল্যের কথা ফেসবুক পোস্টে শেয়ার করে লিখেছেন, “মাটিতে পা থাকুক, বেটু। শুধু মনে রেখো, গুলজারজি কী লিখেছেন: ‘নীচে ভূমি, উপর নক্ষত্র। এটা কুরুক্ষেত্র, এটা কুরুক্ষেত্র!’ তোমার এবং হাই-টেক অ্যানিমেশনের সবার জন্য আমি গর্বিত!” প্রসঙ্গত, সিরিজের পূর্বভাষ (Prologue) গুলজারের। চিত্রনাট্যের প্রতিটি অধ্যায় যিনি খুঁটিয়ে পড়েছেন, সাবাশিও জানিয়েছেন লেখক উজানকে!

আঠারো দিনের যুদ্ধ মহাভারত। কিন্তু থ্রিলিং ইভেন্ট আদতে মেরেকেটে ৫-৬ দিনের। বাকি দিনগুলি, বিশেষ করে, যুদ্ধ শুরুর আগের অনেকটাই কেটেছে মন্ত্রণা-মন্থনে, তর্কে-বিতর্কে, শলা-পরামর্শে। হতে পারে ভ্রাতৃহত্যার সংশয় কিংবা আত্মীয়হননের দংশন, নীতির পীড়ন কিংবা নৈতিকতার তর্জনী—এই নিয়ে নিয়ত কথা চালিয়ে গেছে পাণ্ডবপক্ষ। ফলে ‘কুরুক্ষেত্রে’ দিনের হিসেব নয়, আঠারো খানা এপিসোডে ১৮ জন বীরের দৃষ্টিকোণ ব্যবহার করতে চেয়েছেন পরিচালক। তাঁরা কে কীভাবে যুদ্ধকে বিচার করছেন, বুঝছেন—সেই ফোকাল পয়েন্টই আলাদা আলাদা পর্বে দেখানো হয়েছে। গত সপ্তাহে এই সিরিজ নেটফ্লিক্সে রিলিজ করে। সাত দিন হতে না হতেই সামনে এল এমন ঝকঝকে স্কোরকার্ড। যা নিঃসন্দেহে নির্মাতাদের পরের সিজন বানানোর সাহস জোগাবে।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई