ভূতনাথ মন্দিরের কাছে মাঝগঙ্গায় তলিয়ে গেল গাড়ি, আহত ৪, চলছে উদ্ধারকাজ

SHARE:

ভূতনাথ মন্দিরের কাছে গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি। নিমতলা ঘাটে এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন, চলছে পুলিশের উদ্ধারকাজ।

সাত সকালে নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি। সেটি উদ্ধারের কাজ চলছে। ঘটনায় আহত হয়েছেন চারজন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে হঠাৎই গঙ্গায় ডুবে যেতে দেখা যায় একটি সাদা রঙের গাড়িকে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন কিছু ভারী বস্তু পড়ছে নদীতে, পরে বুঝতে পারেন সেটা আসলে একটা গাড়ি! মুহূর্তের মধ্যেই গঙ্গার মাঝ বরাবর গিয়ে তলিয়ে যায় সেটি।

ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জোরাবাগান থানার পুলিশ ও ট্র্যাফিক গার্ড। শুরু হয় উদ্ধার। কীভাবে গাড়িটি গঙ্গায় পড়ল, সেনিয়ে প্রথমে তৈরি হয় ধোঁয়াশা। গাড়িটি যে জায়গা থেকে গড়িয়ে নদীতে গিয়েছে, সেটি পাড় থেকে বেশ কিছুটা দূরত্বে, ফলে প্রশ্ন ওঠে।

পরে জানা যায়, অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তাঁদের গাড়িটি নিমতলা শ্মশানঘাটের কাছে দাঁড় করানো ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটির হ্যান্ডব্রেক টানা ছিল না। ফলে ঢাল বেয়ে সেটি ধীরে ধীরে গঙ্গার দিকে গড়িয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সেটি সোজা নদীতে পড়ে যায়।

গাড়ির ভিতরে কেউ ছিলেন না, তবে ঘাটে শুয়ে থাকা চারজনের গুরুতর চোট লাগে। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন ভর্তি হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া গাড়িটি এখনও উদ্ধার করা যায়নি।

Partha Goswami

16/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई