ধর্ম আলাদা! প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, প্রেমিকের আত্মহত্যার খবরে নিজেকেও শেষ করল তরুণী

SHARE:

তাঁদের বন্ধুত্ব হয় এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। তিন বছর ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি দুই পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারায় প্রবল সমস্যা শুরু হয়।

রাজ্যে (West Bengal) ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। ভিন্ন ধর্মের সম্পর্ক মেনে নিতে চায়নি দুই পরিবার। তবে সম্পর্কটিকে সমাজের স্বীকৃতি দিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। কিন্তু চাকরির পরীক্ষায় ব্যর্থতার হতাশা আর পারিবারিক বাধার চাপে শেষমেশ আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন প্রেমিক যুগল (Couple)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে (Murshidabad)।

ওই জেলার নবগ্রাম থানার কিরীটেশ্বরী পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ। কোঠার গ্রাম থেকে মিলেছে এক তরুণীর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানাপাড়া এলাকার শাহবাজ হোসেন (২৪) ও কোঠার গ্রামের দ্রোণী দাস (২২) জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে পড়তেন। সেখানেই তাঁদের বন্ধুত্ব হয় এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। তিন বছর ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি দুই পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারায় প্রবল সমস্যা শুরু হয়।

ছেলে মুসলিম আর মেয়ে হিন্দু। স্বাভাবিকভাবেই ভিন্ন ধর্মের কারণে কারও পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে যুগল। দুজনকেই বলা হয় একে অপরের সঙ্গে না মিশতে, এক কথায় সম্পর্ক ভেঙে দিতে। কিন্তু প্রথম হাল ছাড়েননি তরুণ। চেয়েছিলেন ভাল সরকারি চাকরি পেয়ে নিজের সম্পর্ককে মান্যতা দিতে। কিন্তু সেখানেও ভাগ্য অন্য খেলা খেলে।

পরিবারের বাধা সত্ত্বেও দু’জনেই ঠিক করেছিলেন, চাকরি পেলে এবং স্বাবলম্বী হলে তাঁরা সম্পর্ককে পরিণতি দেবেন। গত রবিবার সাব-ইনস্পেক্টর পদে লিখিত পরীক্ষা দিয়েছিলেন শাহবাজ। কিন্তু পরীক্ষা ভাল হয়নি তাঁর। ফলত মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর এরপরই আত্মহত্যার পথ বেছে নেন।

সোমবার বাড়িতে একাই ছিলেন যুবক। সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহ দেখতে পান এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, প্রেমিকের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েন দ্রোণী। তিনি শাহবাজের বাড়িতে যেতে চেয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু পরিবার তাতে বাধা দেয়। তাঁকে আটকে রাখাও হয় বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে পরিবারের নজর এড়িয়ে দোতলায় উঠে গলায় ফাঁস দেন দ্রোণীও। সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার।

পুলিশ জানিয়েছে,  দু’টি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Partha Goswami

16/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई