রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে বলেই জানিয়েছে রেল।
বুধবার সকালে আচমকা আগুন লাগে চলন্ত শিয়ালদহ-ক্যানিং লোকালে (Sealdah-Canning Local)। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণশাখার পিয়ালি স্টেশনে। ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় (Sealdah South section disruption)। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, ফলে বিপাকে পড়েন সকালের অফিসগামী যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ ক্যানিংমুখী (ডাউন) লোকাল ট্রেনটি পিয়ালি স্টেশনে পৌঁছনোর সময় হঠাৎই এক কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চিৎকার-চেঁচামেচিতে ভরে যায় প্ল্যাটফর্ম। ভয় পেয়ে যাত্রীরা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়েন। কেউ কেউ নিজের হাতে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মী ও দমকল বাহিনী।
দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, ফলে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। কেউ কেউ জানালেন, প্রতিদিনই ট্রেনে কোনও না কোনও সমস্যা হচ্ছে- এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা বোধ করছেন।
Partha Goswami
22/10/2025







