বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে মহারাষ্ট্র বা কর্নাটকের বন্যায় ১ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দ করা হলেও উত্তরবঙ্গের বন্যার জন্য এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্রের বিজেপি সরকার।
ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস (Trinomool Congress)। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে মহারাষ্ট্র বা কর্নাটকের বন্যায় ১ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দ করা হলেও উত্তরবঙ্গের বন্যার (North Bengal Flood Situation) জন্য এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে – উত্তরবঙ্গ বিধ্বংসী বন্যা ও ভূমিধসের কবলে বিপর্যস্ত, অসংখ্য মানুষের জীবন, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হয়ে গেছে। অথচ সেই দুর্দিনে কেন্দ্রীয় সরকার নীরব। এক টাকাও ত্রাণ হিসেবে বাংলাকে দেয়নি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত মহারাষ্ট্র ও কর্নাটকের বন্যা মোকাবিলায় ১ হাজার ৯৫০.৮০ কোটি টাকা পাঠিয়েছেন। কিন্তু বাংলার দাবিকে ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, ২০২১ সালে বাংলার নির্বাচনে পরাজয় এখনও ভুলতে পারছে না বিজেপি তাই ইচ্ছাকৃত অর্থনৈতিক অবরোধ করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। এই বছর অন্য রাজ্যগুলোকে এসডিআরএফ (SDRF) থেকে ১৩,৬০৩.২০ কোটি এবং এনডিআরএফ (NDRF) থেকে ২,১৮৯.২৮ কোটি টাকা দেওয়া হয়েছে — কিন্তু চোখে পড়ার মত বিষয় হল, সেই তালিকায় অনুপস্থিত বাংলা। শাসনের নামে এটা হল মোদী-শাহের রাজনৈতিক বিদ্বেষ। তৃণমূলের আরও অভিযোগ বাংলার মানুষকে তাদের গণতান্ত্রিক পছন্দের জন্য শাস্তি দেওয়ার এ এক নিষ্ঠুর প্রচেষ্টা। বাংলাকে ভাতে মারার এই চেষ্টা বাংলার মানুষই ভোট বাক্সে জবাব দেবে বলে মত তৃণমূলের।
Partha Goswami
22/10/2025







