কালীপুজোর রাতে জোরে মাইক বাজাতে অস্বীকার করায় সোনারপুরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ।
কালীপুজোর রাতে আনন্দ বদলে গেল বিষাদে। উচ্চস্বরে মাইক বাজাতে অস্বীকার করায় প্রতিবেশীর হাতে খুন হলেন এক যুবক। মৃতের নাম সনাতন নস্কর। বছর আনুমানিক ২০ বছর।
কালীপুজোর রাতে চারিদিকে বাজি ফাটছিল, শব্দ বাজির তাণ্ডবও ছিল প্রবল। সোনারপুরের কুস্তিয়া এলাকার বাসিন্দা সনাতনদের বাড়িতে কালীপুজো হওয়ায় রাতে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ছিলেন, বাড়িতে জোরেই চলছিল গান। কিন্তু তাঁরই পাশের বাড়িতে এক হার্টের রোগী ওই আওয়াজে অসুস্থ হয়ে পড়েন, প্রতিবেশীদের অনুরোধে সঙ্গে সঙ্গে সনাতন বক্স খুলে বাড়ি চলে যান।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনদের বাড়িতে গিয়ে আবার বক্স বাজাতে বলেন। তাতে রাজি হননি তিনি। এখান থেকেই শুরু হয় বচসা। অভিযোগ, প্রথমে পিন্টু ও তাঁর স্ত্রী সনাতনের মা ও ভাইকে মারধর করেন। এরপর সনাতন তাঁদের বাঁচাতে গেলে, পিন্টু ছুরি দিয়ে যুবককে কোপাতে শুরু করেন, শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে।
রক্তাক্ত অবস্থায় সনাতনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা পিন্টু ও তাঁর স্ত্রীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
স্থানীয়দের দাবি, পিন্টুর ও তাঁর দুই আত্মীয়ও এই ঘটনার সঙ্গে জড়িত। গভীর রাতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। দু’জনকে আটক করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এমন সামান্য জিনিস নিয়ে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা মেনে নিতে পারছেন না সনাতনের প্রতিবেশীরা। ক্ষোভে ফেটে পড়ছেন তাঁরা। একটাই দাবি, উপযুক্ত শাস্তি চাই।
Partha Goswami
23/10/2025







