ভয়ঙ্কর! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর সিট থেকে উদ্ধার চাদরে মোড়ানো মহিলার মৃতদেহ

SHARE:

বেঙ্গালুরুর তিলকনগরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে চাদরে মোড়ানো এক মহিলার দেহ উদ্ধার।

কর্ণাটকের বেঙ্গালুরুর তিলকনগরে এক ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার (২৫ অক্টোবর) মেন রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দেহটি পাওয়া যায়।

শনিবার বিকেল ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অটোর ভিতরে চাদরে মোড়ানো কিছু একটা রাখা দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে চাদর সরাতেই দেখে, ভিতরে এক মহিলার দেহ রাখা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সালমা (৩৫)। তাঁর চার সন্তান রয়েছে এবং কিছুদিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের সন্দেহ, সালমার মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল।

অনুমান করা হচ্ছে, খুনের পর অভিযুক্ত ব্যক্তি বিছানার চাদরে মুড়িয়ে দেহটি এনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর ভিতরে রেখে পালিয়ে যায়। সন্দেহ, এই ঘটনার পিছনে মৃতের কোনও পরিচিত ব্যক্তি জড়িত থাকতে পারে। তবে কেন ওই মহিলাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গতকাল দেহ উদ্ধারের পরপরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তিলকনগর থানা।

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई