‘আমার সময় নষ্ট করব না’, ইউক্রেন শান্তি চুক্তি ছাড়া পুতিনের সঙ্গে বৈঠক নয়, স্পষ্ট জানালেন ট্রাম্প

SHARE:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানালেন, শান্তি চুক্তির সম্ভাবনা না থাকলে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পাঁচ বছরে পা রাখার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, ইউক্রেনে শান্তি নিশ্চিত করার বিষয়ে কোনও চুক্তির সম্ভাবনা না থাকলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সঙ্গে আর বৈঠক করবেন না।

শান্তি চুক্তি এগিয়ে নিতে এর আগে বুদাপেস্টে দুই নেতার বৈঠকের কথা থাকলেও, শেষ পর্যন্ত তা হয়নি। এশিয়া সফরে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি আগে জানতে চাই যে আমরা একটি চুক্তি করছি কি না। আমি আমার সময় নষ্ট করতে যাচ্ছি না।”

পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভাল ছিল জানিয়ে তিনি বলেন, “ভ্লদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই দারুণ সম্পর্ক ছিল, কিন্তু এটা খুব হতাশাজনক।” ট্রাম্প ও পুতিন শেষবার আলাস্কায় ১৫ আগস্ট বৈঠক করেছিলেন, যা উভয় পক্ষই ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য সহায়ক বলে দাবি করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প যখন শান্তি নিয়ে হতাশা প্রকাশ করছেন, তখন ইউক্রেনে রাশিয়ার হামলা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত এবং ১৩ জন আহত হন বলে জানিয়েছে শহর পুলিশ। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ হাইভানেনকো জানিয়েছেন, হামলায় অ্যাপার্টমেন্ট এবং ব্যক্তিগত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলা চলার মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে সামরিক সহায়তার জন্য নতুন করে আবেদন জানিয়েছেন। শুক্রবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে তাদের নিষেধাজ্ঞার পরিধি দুইটি রুশ তেল কোম্পানি থেকে পুরো তেল খাতের ওপর সম্প্রসারিত করার অনুরোধ জানান। একই সঙ্গে রাশিয়ার ওপর পাল্টা আঘাত হানার জন্য তিনি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের দাবি জানান।

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई