Balendra Shah: কাঠমান্ডুর মেয়র, বলেন্দ্রর রাজনীতিতে হাতেখড়ি অনেক পরে।
কাঠমান্ডু: উঠতি নেতা হিসেবে দু’বছর আগেই আন্তর্জাতিক খবরের শিরোনামে উঠে এসেছিলেন। TIME Magazine তাঁকে ‘সেরা উঠতি নেতা যিনি ভবিষ্যতের কারিগর’ হয়ে উঠতে পারেন বলে অভিহিত করেছিলেন। অগ্নিগর্ভ নেপালকে ফের স্থিতাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে এই মুহূর্তে মুখে মুখে ফিরছে সেই বলেন্দ্র শাহেরই নাম। পরিস্থিতি বেগতিক বুঝে ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। পদত্যাগ করেছেন দেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলও। সেই আবহে বলেন্দ্র ওরফে বলেনের হাত ধরে নতুন নেপালের স্বপ্ন মাথাচাড়া দিচ্ছে। তাঁর উপর আস্থাবান বিক্ষোভকারীরাও। (Nepal Unrest)
কাঠমান্ডুর মেয়র, বলেন্দ্রর রাজনীতিতে হাতেখড়ি অনেক পরে। সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন নেপাল থেকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি হাসিল করেন ভারত থেকে। তিনি সুরকার, কবি, আবার আন্ডারগ্রাউন্ড ব়্যাপারও। গানের মাধ্যমেও সামাজিক অসাম্য, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ২০২০ সালে তাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত ২০২১ সালে নির্দল হিসেবে রাজনীতিতে পা রাখেন বলেন্দ্র। আর প্রথমবার নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েই, ২০২২ সালে কাঠমান্ডু মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। দুর্নীতিবিরোধী অবস্থান, জনপরিষেবা, গণপরিবহণ, আবর্জনা নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ডাক দিয়েই জনগণের মন জয় করেন বলেন্দ্র। (Balendra Shah)
Partha Goswami
09/09/2025







