সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দু’দফায় ভোট হবে বিহারে—প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা ও ফল ঘোষণা ১৪ নভেম্বর।
বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া বৈধ না অবৈধ তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানির রয়েছে মঙ্গলবার ৭ অক্টোবর। তার ২৪ ঘণ্টা আগেই বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election) দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন(EC)। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দু’দফায় ভোট হবে বিহারে—প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা ও ফল ঘোষণা ১৪ নভেম্বর। বস্তুত বিরোধী দলগুলি এই আশঙ্কাই করছিল। কারণ, একবার নির্বাচন কমিশন কোথাও ভোট ঘোষণা করে দিলে সুপ্রিম কোর্ট সচরাচর তাতে হস্তক্ষেপ করে না। কংগ্রেসের আশঙ্কা ছিল, এসআইআর বৈধ না অবৈধ তা সুপ্রিম কোর্ট বিচার করার আগেই বিহারে ভোট ঘোষণা করে দেবে কমিশন। তাতে এসআইআরের মাধ্যমে তৈরি ভোটার লিস্ট অনুযায়ীই ভোট হবে। এবং সুপ্রিম কোর্ট অন্তত বিহারের ক্ষেত্রে আর হস্তক্ষেপ করবে না।
বিহারে ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR) নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং নাগরিকত্ব প্রমাণে আধার, ভোটার কার্ড ও রেশন কার্ড গ্রাহ্য করা হয়নি। শুনানির সময়ে সুপ্রিম আদালত ইতিমধ্যেই জানিয়েছে, “নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা হিসেবে আইন মেনে কাজ করছে, এই অনুমানেই আমরা এগোচ্ছি। তবে যদি কোনও বেআইনি কাজ প্রমাণিত হয়, পুরো প্রক্রিয়াই বাতিল করা হবে।” সুপ্রিম কোর্টের বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার অবশ্য বলেছেন,“জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী প্রতিটি ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনের আইনি অধিকার কমিশনের আছে। যাঁদের নাম নিয়ে আপত্তি ছিল, তাঁদের সময় দেওয়া হয়েছিল ১ সেপ্টেম্বর পর্যন্ত। সেরকম উল্লেখযোগ্য আপত্তি আসেনি।” তিনি আরও বলেন, বিহারের এসআইআর প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের পরিচয় যাচাই আইনসম্মতভাবে হয়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডকেও এখন বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়েছে।
Partha Goswami
06/10/2025







