বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

SHARE:

গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে গ্যাস লিক হয়ে এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে। ঘুমিয়ে পড়ায় কেউ ছুটে বাইরে বেড়িয়ে আসতে পারেনি। বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বেঙ্গালুরুতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে আহত হলেন হরিহরপাড়া ও বহরমপুরের ৭ পরিযায়ী শ্রমিক। প্রত্যেকের শরীরের পুরোটাই প্রায় ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

আহতদের মধ্যে রয়েছেন হরিহরপাড়া থানার খিদিরপুর গ্রামের বাসিন্দা জাহেদ আলি। বাকি ছজন বহরমপুর থানার পীরতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, দুই মাস আগে তাঁরা রুটিরুজির খোঁজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সোমবার সেখানেই ঘটে বিপত্তি।

গভীর রাতে তাদের ভাড়াবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে গোটা ঘরে। বিকট শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয়রা বাসিন্দারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে সাতজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা জানান, সাতজনের কারও অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। এদিকে ঘটনার খবর আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন হরিহরপাড়া ও বহরমপুরে ওই শ্রমিকদের পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এক প্রত্যক্ষদর্শী জানান, গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে গ্যাস লিক হয়ে এমন সাংঘাতিক ঘটনা ঘটেছে। ঘুমিয়ে পড়ায় কেউ ছুটে বাইরে বেড়িয়ে আসতে পারেনি। বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

সপ্তাহ দুয়েক আগেই বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হন হরিহরপাড়ার তিন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত নাসির শেখ, দিলওয়ার হোসেন ও জালিম শেখের বাড়ি হরিহরপাড়া থানার প্রদীপডাঙা গ্রামে। অভিযোগ, বিহারের নবীনগর এনটিপিসি ১ নম্বর গেট এলাকায় ফেরি করতে গেলে কয়েকজন ব্যক্তি প্রথমে তাদের বাইকের চাবি কেড়ে নেয়। এরপর আধার কার্ড দেখতে চায় এবং বাংলাদেশি তকমা দিয়ে তিন শ্রমিককে বেধড়ক মারধর করে। মুর্শিদাবাদ থেকে বরাবরই শ্রমিকদের একটা বড় অংশ রুটিরুজির খোঁজে ভিনরাজ্যে পারি দেন। এবারও হরিহরপাড়া ও বহরমপুর থেকে শ্রমিকদের একটা বড় দল বেঙ্গালুরু গিয়েছিলেন কাজের খোঁজে। অন্য রাজ্যে গিয়ে হামেশাই নানা বিপদে পড়তে হয় তাদের। সম্প্রতি এর সঙ্গে জুড়েছে বাংলাদেশি সন্দেহে হেনস্থার ঘটনা। এবার ঘরের মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম হলেন এতজন শ্রমিক।

Partha Goswami

07/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today