রাজ্যে মোট কত লক্ষ টোটো চলছে, সেই সঠিক পরিসংখ্যান এখনও পরিবহন দফতরের হাতে নেই। যদিও টোটো নিয়ে অভিযোগ নতুন নয়।
রাজ্যের রাস্তায় বেলাগাম টোটোর (WB Toto) দৌরাত্ম্য রুখতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (West Bengal Toto)। এবার প্রতিটি টোটোরই থাকবে নম্বর প্লেট। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। জানা গিয়েছে, আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের ভিত্তিতে নম্বর প্লেট দেওয়া হবে। নম্বর প্লেটে থাকবে কিউআর কোডও। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সমস্ত টোটোকেই রেজিস্ট্রেশনের (Toto Registration) আওতায় আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তবে রাজ্যে মোট কত লক্ষ টোটো চলছে, সেই সঠিক পরিসংখ্যান এখনও পরিবহন দফতরের হাতে নেই। যদিও টোটো নিয়ে অভিযোগ নতুন নয়। অসংখ্য এলাকায় বেপরোয়া টোটো চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, অটো ও বাসচালকেরাও। তবু মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠা টোটো চলাচল বন্ধ করা যাবে না। তাই এবার টোটোকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পথে আনতে প্রশাসন বদ্ধপরিকর।
মন্ত্রী জানান, “এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হচ্ছে। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের পর নির্দিষ্ট রাস্তাতেই চলাচলের অনুমতি দেওয়া হবে।”
এরই মধ্যে সময়সীমাও নির্ধারিত হয়েছে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ শেষ করতে হবে। এই প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে। ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এরপর যেসব টোটোর নাম তালিকাভুক্ত হবে না, তাদের রাস্তায় চলতে দেওয়া হবে না। একযোগে এই অভিযান চালাবে পুলিশ, পরিবহন দফতর ও টোটো ইউনিয়নগুলি।
Partha Goswami
11/10/2025







