আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলাদের প্রবেশ নিষেধের ফতোয়ায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস।
আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলাদের প্রবেশ নিষেধের ফতোয়ায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। কংগ্রেসের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা প্রথমে এবং তারপরেই বোনের এক্সবার্তাকে ট্যাগ করে প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ফুঁসে উঠলেন মোদীর বিরুদ্ধে। দুজনেই মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছেন, এই ঘটনা দেশের মহিলাদের প্রতি চরম অপমান।
লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোজাসুজি প্রধানমন্ত্রী মোদীকে বিঁধে লিখেছেন, মোদীজি, আপনি মহিলা সাংবাদিকদের প্রকাশ্য সম্মেলনে প্রবেশের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের সব নারীকে একটা কথাই বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের হয়ে রুখে দাঁড়ানোর শক্তি আপনার নেই। আপনি খুবই দুর্বল নারী অধিকার রক্ষার কাজে। আমাদের দেশে মহিলাদের প্রতিটি ক্ষেত্রে সমানাধিকার দেওয়া হয়েছে। কিন্তু, এ ধরনের নিষ্পেষণে আপনার নীরবতাই আপনার ধ্যানধারণাকে তুলে ধরেছে। নারী শক্তি নিয়ে আপনার স্লোগান যে আদপেই অন্তঃসারশূন্য তা ফাঁস করে দিয়েছে।
অন্যদিকে, গান্ধী পরিবারের আরেক সাংসদ প্রিয়ঙ্কাও মোদী সরকারের বিরুদ্ধে তুলোধনা করেন এদিন। নারী অধিকার নিয়ে মোদী সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। প্রিয়ঙ্কা লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলা সাংবাদিকদের প্রেস কনফারেন্স থেকে সরিয়ে দেওয়া নিয়ে আপনার বক্তব্য স্পষ্ট করুন। এই দেশের মেরুদণ্ড এবং গর্ব হলেন নারী জাতি। সেখানে কী করে দেশের মহিলাদের এরকম অপমান মুখ বুজে সহ্য করলেন আপনি।
শুধু রাহুল-প্রিয়ঙ্কাই নন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, এমপি কার্তি চিদম্বরম, কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেন। দেশের বিদেশমন্ত্রক সাফাই দিয়ে বলেছে, এর সঙ্গে ভারত সরকারের কোনও ভূমিকা নেই। কারণ আফগানিস্তানের তালিব বিদেশমন্ত্রীর নিজস্ব সাংবাদিক সম্মেলন ছিল এটা।
Partha Goswami
11/10/2025







