ভারতীয় সংস্থা MapmyIndia-র তৈরি এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রাস্তাঘাট, পেট্রল পাম্প, ধাবা, এমনকি রাস্তার বর্তমান অবস্থাও এক নজরে জানতে পারবেন।
ভারতের প্রযুক্তি জগতে নতুন সংযোজন- Mappls, সম্পূর্ণ দেশীয় নেভিগেশন অ্যাপ, যা সরাসরি গুগল ম্যাপকে টক্কর দিতে প্রস্তুত। ভারতীয় সংস্থা MapmyIndia-র তৈরি এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রাস্তাঘাট, পেট্রল পাম্প, ধাবা, এমনকি রাস্তার বর্তমান অবস্থাও এক নজরে জানতে পারবেন।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক্স-এ ৬৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এই অ্যাপের নানা আধুনিক ফিচার তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “দেশীয় প্রযুক্তিকে উৎসাহিত করার সময় এখনই।”
ভিডিওতে দেখানো হয়, Mappls-এ রয়েছে আধুনিক নেভিগেশন সুবিধা- যেমন আন্ডারপাস ও ওভারব্রিজের জন্য 3D ভিউ অপশন, যা ব্যবহারকারীদের জন্য পথ চেনা আরও সহজ করে তুলবে। পাশাপাশি রয়েছে হাইব্রিড ম্যাপ, নাইট মোড এবং ডার্ক ক্লাসিক ভিউ-এর মতো একাধিক ভিজ্যুয়াল ফিচার, যা দিন বা রাত- যে সময়েই ব্যবহার করুন না কেন, রাস্তাঘাটের দৃশ্য পরিষ্কার দেখা যাবে।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘দেশীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির উচিত ভবিষ্যতে গাড়িতে এই অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা।’ তিনি আরও বলেন, খুব শীঘ্রই ভারতীয় রেলওয়ে ও MapmyIndia-র মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) সই হবে, যাতে রেল পরিষেবায় এই GIS প্রযুক্তি ব্যবহার করা যায়।
Mappls-এর সবচেয়ে বড় সুবিধা হল এর সহজলভ্যতা। এটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর- দু’জায়গাতেই পাওয়া যাচ্ছে। এছাড়াও, সংস্থার ওয়েবসাইট থেকেও এই নেভিগেশন সিস্টেম ব্যবহার করা সম্ভব।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেশীয় তথ্যের ভিত্তিতে তৈরি এই ম্যাপিং সিস্টেম ভারতীয় ব্যবহারকারীদের জন্য আরও নির্ভুল তথ্য দেবে। গুগল ম্যাপের মতো সহজে ব্যবহার করা গেলেও, স্থানীয় ডেটা ও দেশীয় সার্ভার ব্যবহারের কারণে Mappls হবে ভারতের জন্য আরও উপযোগী। প্রযুক্তি মহলের দাবি, ডিজিটাল স্বনির্ভর ভারতের পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Partha Goswami
13/10/2025







