অ্যাডিলেডে কোহলির রেকর্ড অসাধারণ। কিন্তু এবার হয়তো এটাই শেষ দেখা। আপাতত তৃতীয় ম্যাচেই বোঝা যাবে, সিরিজে ফিরবেন কি না।
স্বপ্নের প্রত্যাবর্তন রূপ নিল বিপর্যয়ে। যখন মনে করা হচ্ছিল, অস্ট্রেলিয়ায় এসে একদিনের সিরিজে রান তুলে সমালোচকদের মুখ বন্ধ করবেন, ঠিক তখনই অ্যান্টিক্লাইম্যাক্স! পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে–তে চার বল খেলে এলবিডব্লিউ হন জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) ইনসুইং ডেলিভারিতে। সিদ্ধান্তে সন্দেহ থাকলেও রিভিউ নেননি।
অ্যাডিলেড বরাবরই কোহলির অন্যতম প্রিয় ময়দান। এখানেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন—৯৭৬। তাই পয়মন্ত ময়দানে শূন্য রানে ফেরাটা তাঁর পড়ন্ত কেরিয়ারকে আরও দ্রুত প্রস্থানের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশ্বকাপে আদৌ নামবেন? নাকি সিরিজশেষেই অবসর নেবেন?—জোড়া শূন্য এই দুই প্রশ্ন নতুন করে উস্কে দিয়েছে। যার ইঙ্গিত মিলেছে বিরাটের শরীরী ভাষাতেও! আউট হয়ে ফেরার সময় তাঁকে দর্শকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়, গ্যালারি থেকে উঠে আসে সমবেত করতালির প্রতিধ্বনি… স্ট্যান্ডিং ওভেশন।
কোহলি গত সাত মাস কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইপিএল (IPL) শেষে বিশ্রামের পর এটাই তাঁর প্রথম সিরিজ। অনুশীলনে ফর্মে থাকলেও ম্যাচে তা কাজে লাগাতে পারছেন না। প্রথম ম্যাচে অফস্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন, এবার ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যর্থ।
Partha Goswami
23/10/2025







