দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ। দীপাবলির রাতে স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানালেন অভিনেতা, আনন্দে মেতেছেন ভক্তরা।
ফের বাবা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ। স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানালেন অভিনেতা নিজেই। দীপাবলির রাতে ইনস্টাগ্রামে এক বিশেষ ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন খুশির মুহূর্ত।
ভিডিওটিতে দেখা গিয়েছে, রামচরণ ও উপাসনার বাড়িতে দীপাবলি উদযাপন চলছে। অতিথিরা আসছেন, হাতে উপহার ও আশীর্বাদ নিয়ে নবদম্পতির সঙ্গে দেখা করছেন। পোস্টের ক্যাপশনে রামচরণ লিখেছেন, ‘এই দীপাবলিটা ছিল দ্বিগুণ আনন্দের, ভালবাসার ও আশীর্বাদের।’ ভিডিওটির শেষে ভেসে উঠেছে একটি শব্দ— নতুন শুরু।
রামচরণ ও উপাসনার প্রথম সন্তানের জন্ম হয় ২০২৩ সালের ২০ জুন, হায়দরাবাদে। কন্যা সন্তানের নাম রেখেছিলেন ক্লিন কারা কোনিডেলা (Klin Kaara Konidela)। নামটি নেওয়া হয়েছে ললিতা সহস্রনাম থেকে। তাঁদের বক্তব্য অনুযায়ী, এই নামের অর্থ এক ধরনের রূপান্তরমূলক ও পবিত্র শক্তি, যা আত্মিক জাগরণ ঘটায়।
অভিনয়ের দিক থেকে রামচরণ বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘পেড্ডি’-র শুটিংয়ে। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ২০২৪ সালের ১০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক অ্যাকশন ড্রামা ‘গেম চেঞ্জার’-এ। কিয়ারা আদবানী, অঞ্জলি ও আরও একাধিক তারকা ছিলেন সেই ছবিতে। ডবল রোল রয়েছে রামচরণের।
‘গেম চেঞ্জার’-এর পরিচালনায় দক্ষিণী পরিচালক শঙ্কর, যিনি এই ছবির মাধ্যমেই তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি মুক্তির দিনে বিশাল অঙ্কের ব্যবসা করলেও শেষমেশ মিশ্র প্রতিক্রিয়া পায় এবং শঙ্করের ক্যারিয়ারের দ্বিতীয় বড় বক্স অফিস ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়।
এই মুহূর্তে রামচরণ ও উপাসনার ঘরে নতুন অতিথি আগমনের অপেক্ষায় ভক্তরা।
Partha Goswami
23/10/2025







