২০ বল বাকি থাকতেই রোহিত-বিরাটের দাপটে ৯ উইকেটে জিতল ভারত

SHARE:

চলল রোহিত-বিরাট শো। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা চেটেপুটে উপভোগ করলেন সেই শো। আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছিলেন নীরব দর্শক।

প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে সিরিজের শেষ ম্যাচে এসে অস্ট্রেলিয়াকে হারাল ভারত (Australia vs India, Third ODI)। আর দলের জয়ের প্রধান দুই কাণ্ডারি রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma, Virat Kohli)। ভারত এদিন জিতেছে ৯ উইকেটে। রোহিত ও বিরাট এদিন বুঝিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। রোহিত এদিন খেললেন ১২৫ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও তিনটি ছক্কা। আর বিরাট সাতটি চার হাঁকিয়ে অপরাজিত থাকলেন ৮১ বলে ৭৪ রান করে। 

ক্রিকেটে একটা কথা আছে, ফর্ম হল টেম্পোরারি আর ক্লাস পার্মানেন্ট। বিরাট কোহলি ও রোহিত শর্মা হলেন ঠিক সেই ধরনের ক্রিকেটার। একটি বা দুটি ম্যাচ দেখে তাঁদের বিচার করাটা বোকামি নয়, চরম মূর্খামি। গত কয়েক মাস ধরেই একটা প্রশ্ন ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছে, কবে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি আলবিদা জানাবেন এই দুই মহাতারকা?

বিরাট আর রোহিতের অপরাধ ছিল একটাই, তাঁরা ২০২৬ ওডিআই বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। কারণ এই দুই ক্রিকেটারের ক্যাবিনেটে অনেক ট্রফি থাকলেও একদিনের বিশ্বকাপ নেই। এমনকি গৌতম গম্ভীরও পর্যন্ত বলে দিয়েছেন, ২০২৬ ওডিআই বিশ্বকাপের চিন্তা-ভাবনায় বিরাট-রোহিত নেই। আর এই দুই তারকার ব্যাটের দাপটেই সিডনিতে সিরিজের শেষ ম্যাচে অবশেষে জিতল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে এদিন তারা হারিয়েছে ৯ উইকেটে।

অস্ট্রেলিয়াকে বরাবরই জ্বলে ওঠেন রোহিত ও বিরাট। চলতি সিরিজের প্রথম ম্যাচে দুজনই ব্যর্থ হয়েছিলেন। রোহিত অবশ্য দ্বিতীয় ম্যাচে ফর্মে ফেরেন। তবে পরপর দুই ম্যাচে শূন্য করে বিরাট এদিন বাইশ গজে নেমেছিলেন। কিন্তু বিরাটকে দেখে মনে হয়নি তিনি চাপে রয়েছেন। ৫৬ বলে তিনি এদিন পেলেন তাঁর কেরিয়ারের ৭৫তম অর্ধশতক। আর রোহিত তো অনবদ্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর ২৫০০ রান হয়ে গেল এদিন। তাঁর দুরন্ত শতক এল ১০৫ বলে। এটি ছিল রোহিতের ৩৩তম ওডিআই শতক। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক এখন রোহিত।

এদিন ভারতের প্রথম উইকেটের পতন হয়েছিল ৬৯ রানে। ২৪ রান করে হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক শুভমন গিল। তবে ভারতের এতে কোনও অসুবিধা হয়নি। এরপর চলল রোহিত-বিরাট শো। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা চেটেপুটে উপভোগ করলেন সেই শো। আর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছিলেন নীরব দর্শক। বিরাট এদিন কিছুটা ধ্রুপদী ইনিংস খেললেও রোহিত কিন্তু মারার বল মারলেন।

Partha Goswami

25/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई