জেমির জোড়া গোলেই জয়, চেন্নাইয়িনকে হারিয়ে সুপার কাপে অভিযান শুরু মোহনবাগানের

SHARE:

বৃষ্টিভেজা ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে দুর্দান্ত সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের জোড়া গোলেই জয় সবুজ-মেরুনের।

অধরা সুপার কাপ জয়ের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রবল বৃষ্টির মধ্যেই ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ক্লিনশিট রেখে ২-০ গোলের জয় পেল আন্তোনিও লোপেজ মোলিনার দল। দলের তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন একাই দু’টি গোল করে সবুজ-মেরুনকে জয় এনে দেন।

প্রবল বৃষ্টির কারণে ম্যাচের শুরুতেই নন্দনিক ফুটবলের অভাব ছিল। খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই চেন্নাই ফ্রিকিক পেলেও বাগান রক্ষণ তা সামাল দেয়। ৯ মিনিটে মনবীর সিং এবং লিস্টন কোলাসোর আক্রমণও চেন্নাই গোলরক্ষক নওয়াজ রুখে দেন। ২১ মিনিটে স্প্যানিয়ার্ড তারকা আলবার্তো রদ্রিগেজের প্রচেষ্টা ব্যর্থ হয়।

অবশেষে ৩৪ মিনিটের মাথায় লিস্টনের ফ্রিকিক কাজে না লাগলেও, চার মিনিট পর ম্যাচের মোড় ঘুরে যায়।

ম্যাচের প্রথম গোল ৩৮ মিনিটে। লিস্টন কোলাসোর ব্যাক হিল পাস ধরে অজি ফুটবলার জেমি ম্যাকলারেন বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি কমায় খেলার গতি কিছুটা বাড়ে। ৫২ মিনিটে অনিরুদ্ধ থাপা ও ম্যাকলারেনের মধ্যে সুন্দর বোঝাপড়া দেখা যায়। যদিও ৫৪ মিনিটে ম্যাকলারেন একটি থ্রু বল পেয়েও কাজে লাগাতে পারেননি। চেন্নাই মাঝে মাঝে প্রতি-আক্রমণ করলেও তা ফলপ্রসূ হয়নি।

দ্বিতীয় গোল ৬৭ মিনিটে। শুভাশিস বসুর কাছ থেকে পাস পেয়ে মনবীর সিং ক্রস বাড়ান। মনবীরের সেই নিখুঁত ক্রস থেকে ফের গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন।

শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন মোহনবাগান ফুটবলাররা। আক্রমণভাগে ম্যাকলারেনের এমন ভরসা জোগান দেওয়ায় কোচ মোলিনা অনেকটাই স্বস্তি পেয়েছেন। সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর ডেম্পোর বিরুদ্ধে, যারা প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল।

Partha Goswami

26/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई