এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাদ্ভী হিডমা। নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীরও। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বহু জঙ্গি হামলার মূল চক্রী, কুখ্যাত মাওবাদী নেতা মাদ্ভী হিডমা (Madvi Hidma)-কে খতম করলেন নিরাপত্তারক্ষীরা। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীথারামারাজু (Alluri Sitharama Raju) জেলায় এনকাউন্টারে তাঁর মৃত্যু হয়েছে। যা মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনীর বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
অন্ধ্র–ছত্তীসগড়–তেলঙ্গানার ত্রিসীমান্তে এই অভিযানের সময় কমপক্ষে ছ’জন মাওবাদীর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাজুড়ে এখনও তল্লাশি চলছে।
১৯৮১ সালে মধ্যপ্রদেশের সুকমায় জন্ম হিডমার। দ্রুতই সিপিআই (মাওবাদী)-র নেতৃত্ব দিতে শুরু করেন। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের দায়িত্বে থেকে তিনি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য এবং বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী প্রতিনিধি। তাঁর মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। সূত্রের খবর, এনকাউন্টারে তাঁর স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও (Raje alias Rajakka) নিহত হয়েছেন।
হিডমা একাধিক বড় মাওবাদী হামলার নেপথ্য কারিগর হিসেবে কুখ্যাত। ২০১০ সালে দান্তেওয়াড়ায় (Dantewada) সিআরপিএফেএর ৭৬ জওয়ানকে হত্যা, ২০১৩ সালে ঝিরম ঘাটির (Jhiram Ghati) কংগ্রেস নেতাদের ওপর হামলায় ২৭ জনের মৃত্যু, সবক’টিতেই তাঁর সরাসরি ভূমিকা ছিল। একইভাবে ২০২১ সালে সুকমা–বিজাপুর (Sukma–Bijapur) হামলায় ২২ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুও তাঁর নেতৃত্বে ঘটেছিল।
ত্রিসীমান্তের জঙ্গলে দীর্ঘদিন ধরেই হিডমা দলীয় কার্যকলাপ চালাচ্ছেন। বিপুল অস্ত্রভাণ্ডার ও ঘন বনভূমির জন্য তাঁকে গ্রেফতার করা কঠিন হয়ে উঠেছিল।
নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ সূত্র বলছে, হিডমার মৃত্যু এই অঞ্চলে চলা মাওবাদী সন্ত্রাসকে বড় ধাক্কা দেবে। তবে এলাকাজুড়ে এখনও বিচ্ছিন্ন প্রতিরোধের সম্ভাবনা থাকায় অভিযান জারি রয়েছে।
Partha Goswami
18/11/2025







